এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৫ এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রুদ্ররূপ দেখলো হাওড়ার বালির বাসিন্দারা । আজ সন্ধ্যায় বালিতে শুভেন্দুর রোডশো চলাকালীন তৃণমূলের লোকজন দলীয় ঝান্ডা হাতে নিয়ে উস্কানিমূলক আচরণ করলে চরম ক্ষিপ্ত হন তিনি । মেজাজ হারিয়ে হুট খোলা গাড়ি থেকে নেমে জনতার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । কিন্তু তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন । ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায় বালির গোস্বামীপাড়ায় ।
ঘটনার মুহুর্তের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে, শুভেন্দু হুডখোলা গাড়িতে চড়ে যাওয়ার সময় রাস্তার এক পাশ থেকে তৃণমূলের লোকজন দলীয় পতাকা হাতে “জয় বাংলা” শ্লোগান দিচ্ছে৷ পালটা মাইক্রোফোন হাতে “চোর তৃণমূল” শ্লোগান দেন শুভেন্দু । সেই সাথে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, ”পুলিশের কে আছেন দেখি আসুন ।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ”বালি থানার ওসিকে সাসপেনশনের জন্য লিখিত অভিযোগ দায়ের করবো। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবো।”
সোশ্যাল মিডিয়াতেও বিষয় নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি তোলা হচ্ছে৷ একজন নেটিজেন ঘটনার মুহুর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘শুভেন্দু অধিকারী টিএমসি-র এযাবৎকালের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বালিতে তাঁর রোডশোতে তারা প্রকাশ্য উস্কানি দিয়েছে এবং স্লোগানের আয়োজন করেছে। গুন্ডামির মাধ্যমে রাজনীতি করার এই সংস্কৃতিকে টিএমসি বাংলায় স্বাভাবিক করে তুলেছে। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া এবং এখানে যথাযথ তৃণমূল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।’।
