এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৯ নভেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়া অন্যতম মুখ হলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি । আর তার এই দুঃসাহসের জন্য তিনি সর্বদা ইসলামি চরমপন্থীদের বিষ নজরে থাকেন । অবশেষে এনামুল হক নামে এক চরমপন্থীর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে । ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরে ওই হিন্দু অভিনেত্রীর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল । কাঁদতে কাঁদতে সেই ভয়ঙ্কর মুহুর্ত লাইভ করলেন তিনি । আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন শুনানি শেষে জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে,ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র আন্দোলনের নামে জঙ্গি অভ্যুত্থানের সময় । ভাটারা থানার সামনে ইসলামি চরমপন্থী এনামুল হকের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনা ঘটে । এতে তাঁর পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এনামুল হক ঢাকার আদালতে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে জ্যোতিকা জ্যোতির নাম রয়েছে ২১৬ নম্বর আসামি হিসেবে। এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে ।
অভিযোগে বলা হয়েছে, এসব অভিনয়শিল্পী জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে অর্থায়ন করেছিলেন। তবে মামলার এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
এর আগে একই মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। এবার জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো।
কিন্তু যেভাবে অভিনেত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে । বুধবার রাত আড়াইটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের অভিনেত্রীর বাড়িতে হানা দেয় পুলিশ৷ তারপর দরজা ভেঙে ভিতরে ঢোকে একটা বড়সড় দল । সমগ্র ঘটনার ভিডিও রেকর্ড করেন অভিনেত্রী । তিনি নিজের বাবা-মায়ের উদ্দেশ্যে বলেন,’মা-বাবা একদম ভয় পাবে না । আমি যাচ্ছি । দেখি না কি হয় ।’।
