এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১৯ মে : তৃণমূল নেতাকে মধুচক্র থেকে হাতেনাতে ধরে ঘাড় ধাক্কা দিতে দিতে থানায় নিয়ে গেল পুলিশ । ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য জুড়ে যখন একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে, তার মাঝেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় । ধৃত তৃণমূল নেতা সুকুমার রায় বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার । তার সাথে আটক করা হয়েছে এক তরুণ ও দুই বিবাহিতা মহিলাকে ।
সুকুমার রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নদীয়ার শান্তিপুর সহ বিভিন্ন এলাকা থেকে মহিলাদের নিয়ে এসে নিজের বাড়িতে মধুচক্রের আসর বসানোর অভিযোগ রয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝরাত পর্যন্ত চলত মদ্যপান ও আর ডিজে পার্টি । বারবার নিষেধ করেও তাদের কোনো কথায় কর্ণপাত করেনি সুকুমার । এরপর সোমবার দুপুরে দুই অপরিচিত বিবাহিতা মহিলাকে তৃণমূল নেতার বাড়িতে যেতে দেখলে লোকজন জড়ো হয়ে যায় । তারা জোট বেধে ঘরের ভেতর ঢুকলে দুই মহিলা এবং কাউন্সিলার সহ অন্য এক তরুণকে মদ্যপান রত আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে । উত্তেজিত জনতা তাঁদের আটকে রেখে বনগাঁ থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ এসে তৃণমূল কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দিতে দিতে থানায় নিয়ে যায় । যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল নেতা ।।
