এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১১ এপ্রিল : আফ্রিকা -ইসরায়েল সম্পর্কে একটি আকর্ষণীয় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে । উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি মুসেভেনির পুত্র মুহুজি কাইনেরুগাবা বলেছেন,’আমি আমার নেতৃত্বে ইসরায়েলে এক লক্ষ উগান্ডীয় সৈন্য মোতায়েন করতে প্রস্তুত,আমাদের ঈশ্বর যিশু খ্রিস্টের পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য !’ তিনি ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন।
ইরানের সঙ্গে উত্তেজনার প্রসঙ্গ টেনে, যিশু খ্রিস্টের দেশ হিসেবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের প্রতি সমর্থনকে তুলে ধরাটা দেখায় যে কীভাবে বিশ্বাস, ভূ-রাজনীতি এবং কৌশলগত জোট পরস্পরকে প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এক অপ্রত্যাশিত খেলোয়াড়ের প্রবেশ এক বৃহত্তর সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে অভিজ্ঞমহল ৷
অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর বিবৃতি দিয়ে জানিয়েছে যে “রাজনৈতিক মহলের নির্দেশনা অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের বিরুদ্ধে অভিযানে গোলাবর্ষণ থেকে বিরত রয়েছে এবং প্রতিরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ও যেকোনো লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত। একই সময়ে, লেবাননে আইডিএফ সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে । হোম ফ্রন্ট কমান্ড চলমান পরিস্থিতি মূল্যায়ন করছে এবং প্রতিরক্ষা নির্দেশিকায় কোনো পরিবর্তন হলে জনসাধারণকে তা জানানো হবে। আইডিএফ ইসরায়েল রাষ্ট্র ও তার নাগরিকদের সুরক্ষার জন্য সকল ক্ষেত্রে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানাচ্ছে।”
