এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১৫ এপ্রিল : রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি,আইনশৃঙ্খলার অবনতি, বেকারত্ব প্রভৃতি একাধিক ইস্যু থাকলেও এবারের বঙ্গ বিধানসভার ভোটের প্রচারের মূল ইস্যু হল ধর্মীয় মেরুকরণ । একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যখন ‘কেটে যাওয়া’ হিন্দু ভোট একত্রিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি অন্যদিকে ‘কট্টর হিন্দুত্বের লাইন’ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়া চৈতন্য বাজারে একটি প্রচার সভায় শুভেন্দুকে ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিতে শোনা গেল । বিজেপিকে সাম্প্রতিক রাজনীতি করার অভিযোগের জবাবে তিনি বলেন,’সাম্প্রদায়িক রাজনীতি কারা করে ? তৃণমূল করে । ভোটের সময় কাজী,ইমামদের ব্যবহার তৃণমূল করে । কোন মন্দিরে যখন আপনি যান আপনাকে গঙ্গাজল ছিটিয়ে চন্দনের টিকা ও পুষ্প দিয়ে পুরোহিত কানে কানে কি বলে ২৩ তারিখে ভোট আছে বিজেপিকে দেবেন ? কিন্তু ২৩ তারিখে ভোটের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামদের একটা বড় অংশ বলে যে মমতাকে রাখতে হবে ভোট ভাগ করবেন না ।’
শুভেন্দুর অভিযোগ,’সামসাবাদের মুসলিম বুথ গুলোতে আমায় ভোট দেয় না । একুশের রেজাল্ট দেখবেন । সাতশ ভোট পড়লে আমি তিনটে । কিন্তু আপনাদের(হিন্দুদের) বুথের সাতশোর ভোটের মধ্যে আমি ৩০০-৪০০ , আপনারা কখন এক হবেন ? আমি জানতে এসেছি ।’ তিনি বলেন,’মুসলিম বুথে আমার পতাকা নেই, ফেস্টুন নেই, আমায় প্রচার করতে দেয় না। আপনার বুথে তৃণমূলের পতাকা-ফেস্টুন আছে প্রচার করে। কখন ঘুম ভাঙবে আপনাদের ?’
এরপর শুভেন্দু উপস্থিত জনতার উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দেন,’মোথাবাড়ি দেখেননি ? মালদা দেখেননি ? সামশেরগঞ্জ, ধুলিয়ান, মুর্শিদাবাদ দেখলেন না ? বেলডাঙা দেখলেন না ? হাজারদুয়ারিকে পুড়তে দেখলেন না ? করমন্ডল এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়া দেখলেন না ? মহেশতলায় তুলসী মঞ্চ উল্টে দেওয়া দেখলেন না ? কখন ঘুম ভাঙবে ?’ তিনি আরও বলেন,’১৯৫১ তে ৮৫ ছিলেন, এখন তো ৬৫ তে নেমে গেছেন । আওয়াজ তুলুন না, “আর শরণার্থী হবো না” । মোদিজি কে ছাড়বো না । ফেলে দিলে সোনার গৌড় আর পাবো না ।’ পাশাপাশি তিনি ভবিষ্যৎবাণী করেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছেই । কারন ‘প্রতিষ্ঠান বিরোধী সুনামি’ চলছে রাজ্যে । সবশেষে তিনি স্লোগান তোলেন, “আমার পাড়া তৃণমূল তাড়া” ।।
