এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ মে : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৩০০০ কোটির বেশি অর্থ কেন্দ্র সরকার মঞ্জুর করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ইতিমধ্যেই ন্যাশনাল হেলথ মিশনের আওতায় প্রথম কিস্তির ৫০০ কোটি টাকা ঢুকে গেছে বলে তিনি জানান । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল হেলথ মিশনের অধীনে চলতি অর্থবর্ষের জন্য মোট ২১০৩ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার । এছাড়াও ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের অধীনে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের জন্য স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৩০০০ কোটি টাকার বেশি অর্থ মঞ্জুর করা হয়েছে বলে তিনি জানান ।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় বকেয়ার মিটিয়ে দেওয়া আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা৷ শুভেন্দু বলেন,’কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সে বলেছেন যে ২১-২২ অর্থবর্ষের ইউটিলাইজেশন সার্টিফিকেট (UC) স্বাস্থ্যসচিব এবং অর্থসচিব ৩০ মে-র মধ্যে পাঠিয়ে দিলে ২৩-২৪ ও ২৪-২৫ অর্থবর্ষের বকেয়া টাকাও দ্রুত রিইম্বার্স করে দেওয়া হবে ।’ পাশাপাশি ১৫তম ফিনান্স কমিশনের টাকা পাওয়ার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আজ শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য সুখবর দিয়েছেন । তিনি জানান যে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিক্যাল কলেজ গড়ার জন্য কেন্দ্রে প্রস্তাব পাঠানো হবে । এছাড়াও উত্তরবঙ্গে একটি এইমস গড়ে তোলার জন্য প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,রাজ্যের চিকিৎসকদের ইন-হাউস ট্রেনিং দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তিনটি দল আসবে । কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী অধ্যায় শুরু হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।।
