এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তের পর সিবিআই একজন মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, যাকে পুরো প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে। ধৃত সন্দেহভাজন হলেন পিভি কুলকার্নি, যিনি মূলত লাতুরের বাসিন্দা এবং পুনেতে দয়ানন্দ সায়েন্স কলেজের রসায়নের শিক্ষক হিসেবে কর্মরত। সিবিআই-এর মতে, পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার কারণে প্রশ্নপত্রটি তার হাতে ছিল।
সিবিআই তদন্তে প্রকাশ পেয়েছে যে ২০২৬ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে কুলকার্নি তার সহযোগী মনীষা ওয়াঘমারের সঙ্গে পুনেতে তার বাড়িতে একটি কোচিং ইনস্টিটিউটও চালাতেন, যেখানে তিনি তাঁর ছাত্রদের সাথে প্রশ্ন ও উত্তর শেয়ার করতেন।অধ্যাপক কুলকার্নি বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পুনের দুই এজেন্ট – ধনঞ্জয় লোখান্ডে এবং মনীষা ওয়াঘমারের কাছে প্রশ্নপত্রটি বিক্রি করে দেন।ধনঞ্জয় এবং মনীষা পুনেতে একটি ক্যারিয়ার কাউন্সেলিং ফার্ম চালান। শুভম, যশ এবং বিকাশ ধনঞ্জয় ও মনীষার কাছ থেকে প্রশ্নপত্রটি কিনেছিল। সিবিআই শুভম, যশ এবং বিকাশকে গ্রেপ্তার করে। তারা মনীষা এবং ধনঞ্জয়ের নাম প্রকাশ করে এবং তারা দুজনেই পিভি কুলকার্নির (প্রশ্নপত্র ফাঁসের মূল পান্ডা) নাম বলে।
জানা গেছে,কোচিং ইনস্টিটিউটের ক্লাসগুলিতে অধ্যাপক কুলকার্নি ছাত্রছাত্রীদের প্রশ্ন, তার বিকল্প এবং সঠিক উত্তর বলে দিতেন, যা তারা তাদের খাতায় লিখে নিত। পরবর্তীকালে তদন্তে প্রকাশ পায় যে এই প্রশ্নগুলি আসল NEET-UG ২০২৬ প্রশ্নপত্রের সাথে হুবহু মিলে গিয়েছিল।।
