এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,৩০ অক্টোবর : কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের নিউ ইন্ডিয়ান ময়দানে আয়োজিত দলের “গণতন্ত্র বাঁচাও সভা”য় অভিষেক সম্পর্কে “এঁচোড়ে পাকা ভাইপো” এবং “বড় চোর”-এর মত শব্দ প্রয়োগ করেন । তিনি বলেন, “বড় চোরটা ঠিক সময়েই ঠিক সময়েই যাবে (জেলে)৷”
শুভেন্দু অধিকারী শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মনে প্রশ্ন আছে বড় চোরটা কবে যাবে । সময় টময় একটু ঠিকঠাক দেখে করতে হয় বুঝেছেন তো৷ আমার রাজনৈতিক জীবনের ধৈর্য আর সহ্য আপনারাও দয়া করি একটু পালন করুন । বড়চোর যাবে চিন্তার কোন কারণ নেই । একজন জেলে চলে গেছে । ডুয়েটে লাস্ট গান গেয়েছে । মমতা ব্যানার্জি আর ইন্দ্রনীল সেন । আমার যাবার সময় হল দাও বিদায় । এটা লাস্ট ডুয়েট। এখন গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ।”
তিনি বলেন,”আর,এই যে এঁচোড়ে পাকা ভাইপো । ১১ সালের পরে আসা । ভোটের আগে বলেছিল না, “জাহাঙ্গীর তুমি ইলেকট্রিক চুল্লি চাইছো, আমি এমপি ল্যাডের থেকে তোমায় ইলেকট্রিক চুল্লি দিলাম, কারণ ৪ঠা মে-এর পরে বিজেপির অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে । তাদেরকে ইলেকট্রিক চুল্লিতে পোড়াবো” । বলেছিল হ্যাঁ কি না?
কি বলেছিল ? “ডিজে বাজাবো, অমিত শাহ যেন কলকাতায় থাকে” । আরে ভাইপো, দক্ষিণ ২৪ পরগনায় জমিদারি করেছ । গোটা জেলায় সব গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়েছো৷ গোটা জেলায় পঞ্চায়েতের ভোট করতে দাওনি। ২০১৪ সালের পরে কোন নির্বাচন এই জেলায় হয়নি । সাত লক্ষ ভোটে জিতেছেন উনি ! ৬ মাস হল কোথায় আপনি ? তোমার দেখা নাইরে তোমার দেখা নাই ।”
মুখ্যমন্ত্রী বলেন,”এই রাজ্যে পূজা পার্বণ করার সময় কোথাও বাধা দিলে লাহেক আলিদের যা পরিণতি হয়েছে, জাহাঙ্গীর শাহজাহানদের যা পরিণতি হয়েছে, শওকত মোল্লার যা পরিণতি হয়েছে, আগামী দিনে তাদেরও হবে । বিজেপি লোক ধর্ম পালন করে । ভিন ধর্মের এক বাচ্চা মেয়েকে নির্যাতন করে মেরে দিল । আমি লোক ধর্ম পালন করেছি । কিন্তু বিনা দোষে এক হিন্দু ভাইকে মেরে দিল৷ পুলিশ বলেছে ওই ছেলেটা যুক্ত নয় । কিন্তু এই লাহেক আলীরা,এই জয়ন্ত ভদ্ররা, এই মোটা গৌতম, গোটা বারুইপুর রুল করেছে বিমান ব্যানার্জীর আশীর্বাদে ।”

