এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : ন্যারো গেজ থেকে ব্রডগেজে উত্তীর্ণ হওয়ার পর থেকেই বর্ধমান-কাটোয়া জেলার অন্যতম ব্যস্ত রেলপথ হয়ে উঠেছে । আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ১২ টি ট্রেন চলে । কিন্তু অনেক সময়ে প্রয়োজনে ট্রেন না থাকায় বেসরকারি বাসে চার ডবল ভাড়া গুণে যাতায়াত করতে হয় যাত্রীদের । যেকারণে এই রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানো জন্য নতুন করে ফের দাবি উঠছে । আজ রবিবার বর্ধমান কাটোয়া রেলযাত্রী সমিতির তরফে দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে ভাতার রেলস্টেশনে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় । তারা স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেন ।
ঠিক সেই সময়েই কাটোয়া শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সড়ক পথে যাচ্ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে স্বাগত জানানোর জন্য বর্ধমান কাটোয়া সড়পথে ভাতার বাজার কামারপাড়া মোড়ে অপেক্ষা করছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা । দলীয় কর্মীদের দেখে সুকান্তবাবু তার কনভয় দাঁড় করিয়ে দেন । আর সেই সুযোগে দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি সম্বলিত দাবিপত্রের প্রতিলিপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাতে তুলে দেয় রেলযাত্রী সমিতি ।
কাটোয়া রেলযাত্রী সমিতি জানিয়েছে,বর্ধমান-কাটোয়া রেলপথে যাত্রীদের ভিড় বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা কম । তাই অন্তত দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে । পাশাপাশি রেলস্টেশনগুলিতে পানীয়জলের সুবন্দোবস্ত এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়েছে।।
।
