এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : চরম সঙ্কটে পড়েছেন হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার প্রার্থী শিল্পা তেওয়ারি । কারন তাকে কোনো বাড়ির মালিকই ঘরভাড়া দিতে চাইছেন না । এমনকি একজন বাড়ির মালিক অগ্রিম নিয়েও তাকে টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে । ফলে যখন শাসক ও অনান্য বিরোধী দলগুলি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে তখন জেইউপি প্রার্থী শিল্পা তেওয়ারিকে হন্যে হয়ে খুঁজে বেড়াতে হচ্ছে ঘরভাড়া৷ অবশ্য এই পরিস্থিতির সৃষ্টির জন্য তৃণমূল নয়,বরঞ্চ বিজেপিকেই নিশানা করেছেন তিনি । শিল্পার অভিযোগ, বিজেপি বাড়ির মালিককে ভাড়া দিতে নিষেধ করায় অগ্রিম টাকা ফেরত দিয়ে দিয়েছে এক বাড়ির মালিক । অবশ্য গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেনি । তারা বলছে যে হিন্দুদের সম্পর্কে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের অতীত ইতিহাস রয়েছে । তাই হিন্দু অধ্যুষিত এলাকায় তার দলের প্রার্থীকে ঘরভাড়া দিলে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা ।
জানা গেছে,কাটোয়ার মণ্ডলহাট এলাকার বাসিন্দা জনৈক প্রণয় মণ্ডলের দোতলা বাড়ির উপরতলার একটি ঘর দুমাসের জন্য ভাড়া নিয়েছিলেন জেইউপি প্রার্থী শিল্পা তেওয়ারি । জনতা উন্নয়ণ পার্টির নির্বাচনী কার্যালয় হিসাবে ওই ঘরটি ভাড়া নেওয়ার কথা ছিল। অগ্রিমও করেছিলেন তিনি৷ তার ঠিক অদূরেই বাড়ি বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সীমা ভট্টাচার্যের । এলাকাটি হিন্দু অধ্যুষিত । এদিকে জেইউপি প্রার্থীকে ঘরভাড়া দেওয়ার কথা চাওড় হতেই আজ শনিবার প্রণয় মণ্ডলের বাড়ির সামনে গিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীরা হুমায়ুন কবিরের দ্বারা হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করে ভাড়া চুক্তি বাতিলের দাবি জানায় । জানা গিয়েছে, এদিন বিক্ষোভের পাশাপাশি প্রণয় মণ্ডলের কাছে ঘরভাড়ার চুক্তিপত্রটি নিয়ে ছিড়ে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা । যদিও এনিয়ে কোথাও অভিযোগ দায়ের হয়নি। শেষ পর্যন্ত চাপে পড়ে অগ্রিম টাকা ফেরত দিয়ে দেন প্রণয় মণ্ডল । তিনি বলেন,’আমি প্রথমে জানতাম না কোনও রাজনৈতিক দলের কার্যালয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছে । স্থানীয়রা বিরোধিতা করলে আমি জানতে পারি এবং চুক্তি বাতিল করে দিই ।’
স্থানীয় বাসিন্দা বিজেপির কাটোয়া ১ মণ্ডল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অনন্ত গায়েন অবশ্য স্বীকার করেছেন যে তাদের দলের তরফ থেকে জনতা উন্নয়ন পার্টিকে ঘর ভাড়া না দেওয়ার জন্য বাড়ির মালিককে নিষেধ করা হয়েছিল । তিনি বলেন, ‘হুমায়ূন কবীর অতীতে বিতর্কিত মন্তব্য করেছিলেন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে। তাঁর দল হিন্দু অধ্যুষিত এলাকায় নির্বাচনী কার্যালয় করলে এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাড়ি মালিকের কাছে অনুরোধ করে চুক্তি বাতিল করা হয়েছে ।’
প্রসঙ্গত,তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন, মে মাসের শুরুতে নিজের নির্বাচনী ক্ষেত্র মুর্শিদাবাদের ভরতপুরে একটি জনসভায় বলেছিলেন,”আমরা ৭০ শতাংশ, আর ওরা ৩০ শতাংশ । চাইলে ভাগিরথীতে ফেলে দিতে পারি ।” তার এই মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি । যদিও নতুন দল গঠন করার পরে তিনি দাবি করেছিলেন যে বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে জেতাতে মমতা ব্যানার্জির কথাতেই তিনি ওই মন্তব্য করেন ।
তবে যার কথাতেই হুমায়ুন এই মন্তব্য করুন না কেন, তার সেই পুরনো বিতর্কিত মন্তব্যের ফল ভুগতে হচ্ছে তার দলের প্রার্থী শিল্পা তেওয়ারিকে । ঘর ভাড়া না পেয়ে শিল্পার প্রতিক্রিয়া হল,’আমি ভেবেছিলাম কাটোয়ায় এলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই আমাদের বাধা পেতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা তাঁর দলের তরফ থেকে আমাদের কেউ হয়রানি করেননি। বিজেপির পক্ষ থেকেই আমাদের বাধা পেতে হয়েছে ।’।

