এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ জুলাই : রাজ্যে পালাবদলের পর শাসকদল বিজেপি তাদের দলে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল । এমনকি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এও ঘোষণা করেছিলেন যে,তৃণমূলের লোকজনদের যোগদান করানো হলে সেটা দলবিরোধী কাজ বলে গন্য করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । অথচ সেই শমীক ভট্টাচার্যের হাত ধরেই ৩ জন ‘ভালো তৃণমূল’ যোগদান করল বিজেপিতে । বৃহস্পতিবার ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করালেন শমীক ।
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপিপন্থী বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় । তিনি এনিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন,”সমস্যা কিন্তু গভীরে যাচ্ছে । নির্বাক ভোটাররা silently সব দেখছেন । মাপছেন । যাঁরা কর্মী তাঁদের এক নির্দেশ দিচ্ছেন । আর নিজেরা উল্টো পথে হাঁটছেন । যে সব ভক্তকূল অন্ধ নন তাঁরা কি রিএক্ট করছেন চোখ বোলান তাঁদের লেখায় । কিছুটা ইঙ্গিত পাবেন । এখন নয়, কঠিন সময়ে এর ফল পাবেনই পাবেন… ভাববেন । ভাবা প্র্যাকটিস করুন বললে আবার ডিম থেরাপি বা ইট থেরাপি হতেই পারে । তাই ওটি আর লিখলাম না । লিখলাম শুধু “ভাববেন” সব কিছু ঠিক করছেন কি না ।”
রাজ্যে পালাবদলের পরই রাজ্যসভায় সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক । গত সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দুশেখর রায়। এরপর বিকালে ওই তিনজনকে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে দেখা যায় । তারপরেই তারা শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন । শমীক ভট্টাচার্য দাবি করেন,’এই ৩ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় তাঁরা খুশি, খুশি হয়েছেন বিজেপি কর্মীরাও।’ অবশ্য তিনি এও সাফাই দিয়েছেন,ব্যতিক্রম তো থাকবেই। তবে ৪ ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুঠ করেছেন, তাঁদের জন্য দরজা বন্ধ।’ যদিও রাজ্য সভায় তাঁরা প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে কিছুই খোলসা করে বলেননি তিনি৷
তবে বিজেপির অন্দরের লোকজন যে তিন তৃণমূল নেতানেত্রীদের যোগদানে আদপেই খুশি নয়,সেটা সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ায় স্পষ্ট । এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, বিজেপিত্ব যোগদান করেই রাজ্যসভার টিকিট পেতে চলেছেন তিন তৃণমূল ত্যাগী নেতানেত্রী ।।
