এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ জুলাই : কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ টাকার হদিস মিলেছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে সোমবার রাত থেকে ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করে বিধাননগর পুলিস কমিশনারেটের গোয়েন্দা শাখা (DD) এবং নিউটাউন টেকনো সিটি থানার পুলিশ । সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিউটাউনের ২০ নম্বর ট্যাঙ্কের কাছে ওই গেস্ট হাউস থেকে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ২ কোটি ২৭ লক্ষ ৮৫ হাজার। রাতেই টাকা গোনার মেশিন আনা হয় । তারপর ৬ টি ট্রলি ব্যাগে সেই টাকা ভরে নিয়ে যায় পুলিশ । গেস্ট হাউসের মালিকের নাম প্রসন্নকুমার রায় বলে খবর পাওয়া যাচ্ছে । অনুমান করা হচ্ছে যে প্রসন্নকুমার রায় হলেন নিয়োগ দুর্নীতির ‘কিংপিন’ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই । এই ফ্ল্যাটের মধ্যে থেকে ছয় জন পুরুষ ও একজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই বিল্ডিংটা প্রথমে oyo ছিল। পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যায়। এবং বেশ কিছু লোকজন গত সাত মাস ধরে এই বিল্ডিংয়ে যাতায়াত করত। বিভিন্ন সময় ট্রাঙ্ক নিয়ে ভেতরে ঢুকত। গোপন সূত্রে এমন খবর পেয়েই তড়িঘড়ি সোমবার মধ্যরাতে অভিযানে নামে পুলিশ । ফ্ল্যাটের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে তল্লাশি অভিযান চালানো হয়। ভেতরে থাকা একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সামগ্রী সংগ্রহ করেছেন তদন্তকারীরা। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা পর অবশেষে নিউটাউনের যে ফ্ল্যাট থেকে নগদ বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হয়। তিনটে বড় ট্রলি ভর্তি টাকা, দুটি চার চাকা গাড়ি, এবং একটি স্কুটি নিয়ে যাওয়া হয় ।এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল, এর উৎস কী এবং কোনো বড় আর্থিক জালিয়াতি বা অপরাধচক্রের সঙ্গে এই ফ্ল্যাটের বাসিন্দারা যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।।
