এইদিন ওয়েবডেস্ক,তামিলনাড়ু,০৬ মে : তামিলনাড়ুতে সরকার গঠনের দাবিদার তামিল ভেত্রি কালাগাম (টিভিকে) দলের প্রধান বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন না বলে বুধবার সূত্রে জানা গেছে। সূত্র জানায়, শপথ গ্রহণ স্থগিতের পেছনে টিভিকে-র কাছে এই মুহূর্তে ম্যাজিক নম্বর নেই এবং রাজ্যপালও এই সংখ্যা নিয়ে এখনো সন্তুষ্ট নন । টিভিকে দাবি করেছে যে তারা ১১২ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছে, কিন্তু রাজ্যপাল ১১৮টি সমর্থন চেয়েছেন বলে জানা গেছে ।
২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসন জিতেছে এবং সংখ্যাগরিষ্ঠতা থেকে দশটি আসন কম রয়েছে। বিধানসভা নির্বাচনে বিজয়ের জেতা দুটি আসনের মধ্যে একটি বাদ গেলে, বিধানসভায় টিভিকে-র কার্যকর শক্তি হবে ১০৭।
তামিলনাড়ুর অভাবনীয় বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে পাঁচজন কংগ্রেস বিধায়কের সমর্থন পেয়েছে। ডিএমকে-নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস টিভিকে-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এআইএডিএমকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা কোনো অবস্থাতেই বিজয়ের টিভিকে-কে সমর্থন করবে না। এছাড়া, সিপিএম, সিপিআই এবং আইইউএমএল-ও তাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছে । এদিকে তামিলনাড়ুর রাজ্যপালও নিশ্চিত নন যে সরকার গঠনের জন্য টিভিকে-র প্রয়োজনীয় সংখ্যা রয়েছে । ফলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া আপাতত ঝুলে আছে।
সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে বিজয় বুধবার লোক ভবনে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করেন। তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর উভয় আসন থেকেই জয়লাভ করে বিজয় নিজেই প্রমাণ করেছেন যে তাঁর ক্যারিশমা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়।।
