এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ জুন : জঙ্গল এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের আগেই ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ওই দলটি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল । বৃহস্পতিবার উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ১০টার দিকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি রাতে বিজিবি ও শ্রীবরদী থানা পুলিশ নিশ্চিত করেছে।
বাংলাদেশের পুলিশ ও বিজিবি জানিয়েছে, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে পৌঁছে দেওয়ার চুক্তি করে তারা। সেই অনুযায়ী বুধবার রাতে ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসে ওই ব্যক্তিরা।পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অপেক্ষা করে । তবে বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম । প্রতিবেদনে বলা হয়েছে,বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।।
