এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মার্চ : আজ বুধবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দলীয় নেত্রী লকেট চ্যাটার্জিদের সঙ্গে কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷ সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের দুই সম্প্রদায়ের ধর্মাচরণের ক্ষেত্রে রাজ্য সরকারের ‘দ্বৈত নীতি’র অভিযোগ তুলেছেন তিনি ।
তিনি বলেছেন,’রাজ্যে যেখানে অবাধে নামাজ পড়া যায়, সেখানে পূজা আয়োজন বা প্যান্ডেল তৈরির জন্য আদালতের অনুমোদন প্রয়োজন।’ এটা “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেন তিনি বলেন, ‘এখানে নামাজ পড়ার অনুমতি আছে, কিন্তু পূজা করতে ও প্যান্ডেল তৈরি করতে হাইকোর্টের অনুমতি নিতে হয় ।’
প্রসঙ্গত,আসন্ন বিধানসভার ভোটে রাজ্য সরকারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি,নারী সুরক্ষার অভাব, আইনশৃংখলার অবনতি প্রভৃতি জ্বলন্ত ইস্যুকে বাদ দিয়ে অনুপ্রবেশ,জনবিন্যাসের পরিবর্তন ও হিন্দুত্ববাদকে বেশি প্রাধান্য দিচ্ছে রাজ্য বিজেপি । তাদের লক্ষ্য হিন্দু ভোটব্যাংককে আরও বেশি বিজেপি মুখি করা । মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবিরের উত্থান হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসির এবারে ভোটে আবির্ভাবে তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে ধ্বস নামবে বলে মনে করছে গেরুয়া শিবির । শুভেন্দু অধিকারীর কথায়, ‘আর ৫ থেকে ৭ শতাংশ ভোট টানতে পারলেই রাজ্যের ক্ষমতায় বসবে বিজেপি ।’ তাই বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের ভোট প্রচারে বারবার অনুপ্রবেশ ও হিন্দুত্ববাদকে বেশি প্রাধান্য দিতে দেখা যাচ্ছে ।।
