এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৫ ফেব্রুয়ারী : বাড়িতে বসে মাদক কারবার চালানোর অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করল শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম অঞ্জু দাস ও শুক্লা দাস । অঞ্জুর মেয়ে শুক্লা । ধৃতদের কাছ থেকে ৬৮ গ্রাম ব্রাউন সুগার ও নগদ প্রায় ১২ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
জানা গেছে,আশিঘর ফাঁড়ির অন্তর্গত পাপিয়া পাড়া এলাকায় বাড়ি অঞ্জু দাসের । তারা দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ । অঞ্জু দাসের এক ছেলে ছিল । এই অবৈধ কারবার সেই ছেলেই আগে দেখাশোনা করত বলে জানা গেছে । কিন্তু বেশ কিছুদিন আগে অঞ্জু দাসের ছেলের পথ দুর্ঘটনায় মৃত্যু হলে তারপর থেকে মেয়ে শুক্লা দাসের সঙ্গে বাড়িতে বসেই অঞ্জু এই কারবার পরিচালনা করছিলেন বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে মা ও মেয়ের মুখের ভাষা প্রচন্ড খারাপ । এলাকার তরুন প্রজন্মের স্বার্থে তারা মাদক কারবার বন্ধ করার আবেদন জানাতে গেলে মা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত ।
জানা গেছে,অভিযুক্ত মা ও মেয়ের বিরুদ্ধে অবৈধ মাদক কারবার নিয়ে একাধিকবার আশিঘর ফাঁড়ির পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানান স্থানীয়রা । এরপর পুলিশ তাদের উপর গোপনে নজরদারি শুরু করে । এরপর আজ বৃহস্পতিবার সকালেই মা ও মেয়েকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে একটি বড়সড় চক্র রয়েছে এর পিছনে। চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।

