এইদিন বিনোদন ডেস্ক,০৭ সেপ্টেম্বর : বর্তমানে বাংলাদেশে রয়েছেন কলকাতার টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ৷ সেদেশের একটি টিভি চ্যানেলে তার একটি সাক্ষাৎকার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে । তিনি বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন । পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশের গোমাংস ও ইলিশ মাছের পদ তার খুব পছন্দ ।
গত ৬ সেপ্টেম্বর “দেশ” টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন,’খুব ভালো আছি । ঢাকায় থাকলে একমাত্র ভালো থাকা যায় । বাংলাদেশের মাটি-জল-হাওয়া আমায় এত আনন্দ, দেয় সব সময় ভালো থাকি । আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
বাংলাদেশ ভারত তো একই দেশ । আমাদের রাজনীতিবিদরা তাকে বিভেদ করেছে। কিন্তু আমাদের দু’দেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের লেখা । পদ্মা-গঙ্গা দুই নদী আমাদের দুই মাতৃ । আমাদের রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ-সুকান্ত, সবই আমাদের দুই দেশের । টান তো হবেই । ঢাকা এয়ারপোর্টে আমি যে সমাদর পাই, আমাদের দমদম এয়ারপোর্টে সেটা পাইনা । আমাকে একবারও ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হয় না । সবই তারা করে দেয় । এই অতিথি পরায়নতা বাংলাদেশের তো একটা স্পেশাল ফিচার । সেটা একটুও নিম্নগামী হয়নি, বরঞ্চ বেড়েছে ।
প্রতিবেদক বিশ্বজিৎ চক্রবর্তীকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের কোন জিনিস সবচেয়ে বেশি আপনাকে টানে?’ উত্তরে তিনি বলেন, ‘মানুষ । তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের আতিথিয়তা এবং খাবার ।’ এরপর প্রতিবেদক জিজ্ঞেস করেন,’বাংলাদেশের কোন খাবার আপনার সবচেয়ে পছন্দ ?’ উত্তরে একবাক্যে তিনি বলেন, ‘বিফ(গোমাংস) আর ইলিশ মাছ ।’ তিনি বলেন,’আমি তো আজকেই এসেছি। দুপুরে হোটেলে একটু মাছ ভাত খেয়েছি । রাত্রে আমরা বিফ(গোমাংস) খেতে বেরোব । আর কালকে আমি আশা করছি ইলিশ মাছ পাব ।’
বিশ্বজিৎ চক্রবর্তী ১৯৪৮ সালের ২৯ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ ছিল তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র। তিনি ‘অটোগ্রাফ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘ভূতের ভবিষ্যৎ’-এর মতো চলচ্চিত্র এবং বলিউড সিনেমা ‘কাহানি ২’-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।।
