এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ সেপ্টেম্বর : ওয়েস্ট ব্যাঙ্কে এক ইহুদি ছুরিকাঘাতের শিকার হওয়ার পর ফিলিস্তিনের বিরুদ্ধে “পূর্ণাঙ্গ যুদ্ধের” হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। সোমবার ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হামলার পরপরই ইসরায়েলি বাহিনী সন্দেহভাজন এক ফিলিস্তিনি ব্যক্তিকে হত্যা করেছে। এই হামলায় ১৯ বছর বয়সী এক বসতি স্থাপনকারী গুরুতরভাবে আহত হন। ঘটনাটি নাবলুস প্রদেশের উসারিন গ্রামের কাছে একটি বসতিতে ঘটেছে।
সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ইসরায়েলি সৈন্যরা তল্লাশি অভিযান শুরু করে। পরে তারা জানায়, সৈন্যদের ছুরিকাঘাত করার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিটিকে গুলি করে হত্যা করা হয়।ঘটনাটির পর বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে আল জাজিরার সংবাদদাতা লাইথ জার জানিয়েছেন।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে যে, ওই বসতি স্থাপনকারী একাধিক ছুরির আঘাতে আহত হন এবং তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় কাটজ বলেন, “যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো [ইসরায়েলি] বাহিনী এবং ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ই অক্টোবরের ধাঁচে কোনো সন্ত্রাসী হামলা শুরু করে, অথবা আমরা নিশ্চিতভাবে জানি যে তারা তা শুরু করতে চলেছে — তাহলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি [সেনাবাহিনীকে] একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছি।”
