এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১১ আগস্ট : যৌন নিপীড়ন থেকে আত্মরক্ষা করা ২৪ বছর বয়সী তরুনীকে ফাঁসিতে ঝোলালো ইরানের ইসলামী প্রজাতন্ত্র । হতভাগ্য তরুনীর নাম মারজিয়েহ নেয়রি (Marziyeh Neyri) । রবিবার ইরানের শাসকগোষ্ঠী তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে । কাজভিনের চুবিন্দার কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জানা গেছে,মারজিয়েহ নেয়রিকে ১৭ বছর বয়সে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল । তার যখন ১৮ বছর বয়স, তখন তার স্বামীর এক সহযোগী তার নিজের বাড়িতে, স্বামীর সামনেই তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। আত্মরক্ষার জন্য মারজিয়েহ নেয়রি রান্নাঘরের একটি ছুরি তুলে নেন। এই ধস্তাধস্তিতে তার স্বামী মারা যান ।
নেয়রি আদালতকে জানান যে, ওই দিনের আগেও তার স্বামীর সহযোগীরা তাকে বারবার যৌন নিপীড়ন করেছিল। ইরানের আদালত তাতে কর্ণপাত করেনি।শাসকগোষ্ঠী তার আত্মরক্ষার দাবি প্রত্যাখ্যান করে। তার আক্রমণকারী, যে বেঁচে গিয়েছিল, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে খুনি বলে আখ্যা দেয়। আদালত মারজিয়েহ নেয়রি কথার চেয়ে আক্রমণকারীর কথাই বেশি বিশ্বাস করে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মারজিয়েহ নেয়রি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পায়নি। ইরানের ইসলামী আইনের অধীনে বাল্যকালে জোরপূর্বক বিয়েতে বাধ্য হয়ে, তিনি তার প্রাপ্তবয়স্ক জীবনের অল্প কয়েকটি বছর আদালতে নিজের জীবন রক্ষার জন্য লড়াই করে কাটিয়েছেন । তিনি হেরে গিয়েছিলেন । এটাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের শরিয়া আইন, যেখানে নিজের সম্ভ্রম রক্ষার অধিকারও নেই নারীদের ।।
