এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৩ সেপ্টেম্বর : বাংলাদেশ থেকে ধাপে ধাপে মালপত্র কেনা কমিয়ে দিয়েছে ভারত । যেকারণে দু’দেশের বানিজ্য ঘাটতি ক্রমশ বাড়ছে । আজ বৃহস্পতিবার বাংলাদেশের সংসদে এনিয়ে আফশোস করতে শোনা গেল বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে । তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের চেয়ে গত ২০২৫-২৬ অর্থবছরে আরও বেড়েছে । তিনি বলেছেন, দুই দেশের মোট বাণিজ্য এখন প্রায় পৌনে ১৩ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারতে বাংলাদেশের রপ্তানি ১.৮৯ বিলিয়ন ডলার। আর বাকিটা ভারত রপ্তানি করে বাংলাদেশে। সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল বাতেনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য দেন।
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেশি থাকার বিষয়টি তুলে ধরে জামায়াতে ইসলামীর এই সদস্য জানতে চান ঘাটতি কমানোর কোনো পদক্ষেপ সরকারের আছে কিনা? জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারত ও চীনের সঙ্গে ঘাটতি সবচেয়ে বেশি।তিনি বলেন,’জিনিসটি দেশভিত্তিক না দেখে সামগ্রিকভাবে দেখা দরকার। পৃথিবীর বহু দেশে আমদানি বেশি রপ্তানি কম, আবার উল্টো দিকে রপ্তানি বেশি আমদানি কম। তবে পুরো বিশ্বের হিসাব ধরলে আমদানি-রপ্তানি সমান।’।
