এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ নভেম্বর : রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে প্রতিবেশী এক গৃহবধুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত তৃণমূল কর্মীর নাম জামিরুল হক ওরফে জুয়েল মিঞা । তার বাড়ি কেতুগ্রামের মোড়গ্রামে।
জানা গিয়েছে,বছর ৩৬ বয়সী অভিযোগকারী মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক । তার দুই কন্যাসন্তান রয়েছে । তিনি পুলিশের কাছে জানিয়েছেন, বছর পাঁচেক আগে প্রতিবেশী জামিরুল হকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ৷ ক্রমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে । কিন্তু সামাজিক সম্মানের কথা ভেবে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন । কিন্তু জামিরুল তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে তার সাথে শারিরীক সম্পর্ক করছিল বলে অভিযোগ ওই মহিলার ।
অভিযোগকারিনী মহিলার কথায়, মঙ্গলবার রাতে যখন তিনি মেয়েদের নিয়ে ঘরে শুয়ে পড়েছিলেন তখন জামিরুল চুপিসারে তাদের বাড়িতে ঢোকে । খুটখাট আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে গেলে তিনি বাইরে বেরিয়ে এসে তাকে দেখতে পেয়ে চিৎকার করে লোকজন ডাকেন । এরপর জামিরুল পালিয়ে যায় । পরের দিন তিনি কেতুগ্রাম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে৷মহিলার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে জামিরুল হককে গ্রেপ্তার করে পুলিশ । আজ বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া আদালতে পাঠানো হয়।
পাশাপাশি অন্য একটি পৃথক ঘটনায় এক গৃহবধুর বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতের নাম মনিরুল ইসলাম ওরফে নিউটন৷ তাঁর বাড়ি কেতুগ্রামের কুলুট গ্রামে। কেতুগ্রাম এলাকার বাসিন্দা এক গৃহবধুর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার অভিযোগ, মাস চারেক আগে মনিরুল ইসলাম এবং তাঁর ভাই মহম্মদ শের আলি ওরফে দীপু বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে রাতে তার বাড়িতে ঢুকে পড়ে । দুজনে মিলে তাঁর শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মনিরুল ভয় দেখিয়ে তাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করে । জানা গেছে,দিন পাঁচেক আগে ওই বধূ দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ মনিরুলকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত যুবক তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে । পুলিশ তার ভাইকে খুঁজছে ।।
