এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩১ মে : উইকিপিডিয়ায় চিহ্নিত “গুন্ডা” তথা বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে বিহারের মোঘলসরাই স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর । ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রজু হয়েছিল।ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন । অবশেষে আজ ভোর ৫ টা নাগাদ মোগল সরাই স্টেশন থেকে বর্ধমান সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হচ্ছে বলে জানা গেছে । পাশাপাশি বর্ধমানের রায়ান অঞ্চলের অঞ্চল সভাপতি জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে । আজ সকালে বর্ধমান থানার পুলিশ মন্তেশ্বর থানার কুসুমগ্রামে জামাল শেখের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর । তার বিরুদ্ধেও ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ রয়েছে ।
প্রসঙ্গত,উইকিপিডিয়ার পাতায় খোকন দাসের পেশার জায়গায় লেখা হয়েছে ‘রাজনীতিবিদ, গুণ্ডা’। ইংরেজি সংস্করণে ব্যবহার করা হয়েছে ‘Politician, Gangster’ শব্দবন্ধ। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং প্রাচীন ভারতীয় দণ্ডবিধি (IPC)-র একাধিক গুরুতর ধারার উল্লেখ করে দাবি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা ছড়ানো এবং অপরাধমূলক হুমকির মতো অভিযোগে মামলা রয়েছে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে খোকন দাস নিজেকে “হেভিওয়েট’ প্রার্থী বলে দাবি করেছিলেন।কিন্তু গত ৪ মে ভোটের ফল ঘোষণা হলে দেখা যায় বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০,৪৭০ ভোটে খোকন দাস পরাজিত হয়েছেন। তার পর থেকেই কার্যত উধাও হয়ে যান । অবশেষে আজ সকালে বিহারের মোঘলসরাই রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর ।।
