এইদিন স্পোর্টস নিউজ,২৫ মার্চ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর আগে দিল্লি ক্যাপিটালসের ওপেনার বেন ডাকেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের একটি সূত্র আইএএনএস-কে নিশ্চিত করেছে যে, ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ডাকেট আইপিএল ২০২৬ থেকে নিজের নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন।
সূত্রটি জানিয়েছে,”হ্যাঁ, আমাদের জানানো হয়েছে যে ডাকেট এই আসরে খেলতে পারবেন না। তার বদলি খেলোয়াড়ের সন্ধান চলছে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে” ।
নিলামে দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় ডাকেটকে কিনেছিল এবং আশা করা হচ্ছিল যে তিনি কেএল রাহুলের সঙ্গে টপ অর্ডারে ব্যাট করবেন। তবে, তিনি ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে এই বাঁহাতি ব্যাটসম্যান এই ঘোষণাটি করেন । এটি এখন দিল্লির প্রস্তুতির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ।
তবে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন ডাকেট। অ্যাশেজ পর্বে তিনি ২০.২ গড়ে ২২১ রান করেছিলেন। তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচে খেলেননি। তিনি বলেছেন,”এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমি দিল্লি ক্যাপিটালসের সকলের কাছে ক্ষমা চাইতে চাইছি । নিলামের জন্য নাম লেখানোর সময় আমি ভেবেছিলাম এটি একটি দারুণ সুযোগ এবং দিল্লির মতো একটি ফ্র্যাঞ্চাইজির দ্বারা নির্বাচিত হওয়াটা ছিল অসাধারণ। সেরা খেলোয়াড়দের নিয়ে এটি ছিল বিশ্বের সেরা প্রতিযোগিতা এবং এটি একটি চমৎকার অভিজ্ঞতা ছিল” ।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “আমি জানি না আইপিএলে কখনো না খেলেই বিদায় নেব কি না। এই বয়সে এটা আমার জন্য কঠিন হতে পারে। তবে, আমি আশা করি একদিন দিল্লির প্রতিনিধিত্ব করতে পারব। কিন্তু, আমি এ নিয়ে অনেক ভেবেছি এবং আমি জানি এটা আমার ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত।” দিল্লি ক্যাপিটালস ১লা এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের বিপক্ষে তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু করবে। ম্যাচটি লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।।
