এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৬ সেপ্টেম্বর : পরকীয়া সম্পর্কের জেরে দেওরের হাতে নৃশংসভাবে খুন হয়ে গেলেন বৌদি । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের রামনগর বাইসা এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতার নাম অমৃতা ওরাও(২৭)। স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে রান্না করার সময় দেওর পাঁচু ওরাও পিছন থেকে এসে কুড়াল দিয়ে অমৃতা ওরাও এর গলা কেটে দেয় বলে অভিযোগ৷ ৷ ঘাতক দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
জানা গেছে,শরিবার রাতে অমৃতা ওরাও এর স্বামী নন্দলাল ওরাও বাড়িতে ছিলেন না৷ দুই নাবালক সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি । দুই ছেলে খেলাধুলা করছিল। রান্নাঘরে রাতের রান্না করছিলেন অমৃতা ওরাও । সেই সময় আচমকা পিছন থেকে ধারাল কুড়াল নিয়ে ঝাপিয়ে পড়ে দেওর পাঁচু ওরাও। সে তার বউদির গলা একটা ধারাল কুড়াল দিয়ে কেটে পালিয়ে যায়। অমৃতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্তা অবস্থায় ছটফট করতে দেখে ৷
খবর পেয়ে ছুটে যান চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ সহ বিরাট পুলিশ বাহিনী । গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ । তল্লাশি চালিয়ে ধরা হয় পাঁচুকে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দেওর পাঁচুর অবৈধ সম্পর্ক ছিল অমৃতার । কিন্তু কিছুদিন ধরে তিনি পাঁচুকে এড়িয়ে চলছিলেন । বউদি অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে এই সন্দেহেই পাঁচু এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। আজ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ধৃত ঘাতক দেওরকে আদালতে তোলা হবে৷।

