এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ সেপ্টেম্বর : কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলার প্রমাণ নষ্ট করার অভিযোগে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন সভাপতি সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে।
২০২৪ সালে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসক “অভয়া”র নৃশংস বর্বরোচিত ধর্ষণ ও হত্যার পর মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত যাতে না হয়, সেজন্য তড়িঘড়ি করে প্রমাণ লোপাট এবং নিয়ম লঙ্ঘন করে শেষকৃত্য সম্পন্ন করার ষড়যন্ত্রে সোমনাথ দে জড়িত ছিলেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের করা হয়েছিল।
তবে, মামলা দায়ের হওয়ার সাথে সাথেই তিনি আত্মগোপন করেন এবং প্রথমে হায়দ্রাবাদে পালিয়ে যান। সেখান থেকে তিনি বেঙ্গালুরুতে আসেন এবং পুলিশ তার পিছু নেওয়ায় আবার আত্মগোপন করেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, পশ্চিমবঙ্গের খড়দা পুলিশের একটি দল বেঙ্গালুরুতে পৌঁছে বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে।
রাজ্যে পালাবদলের পর আরজি কান্ডে এটি তৃতীয় গ্রেপ্তার। এর আগে পুলিশ তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।।

