এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুলাই : রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হল । আজ সোমবার বিধানসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এই সংক্রান্ত প্রস্তাবের একট চিঠি পড়ে শুনিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের যেকোনো সরকারি কাজে মাতৃভাষা ‘বাংলা’ বাধ্যতামূলক ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন,আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের যেকোনো সরকারি দপ্তরের যাবতীয় অভ্যন্তরীণ কাজ, অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের পোর্টালগুলিও বাংলায় করা হবে । তবে কেন্দ্র সরকার বা ভিন রাজ্যের সরকারের সঙ্গে চিঠিপত্রের আদানপ্রদানে বাংলার পাশাপাশি বিদেশি ভাষা ইংরাজির পরিবর্তে ‘রাজভাষা’ হিন্দি ব্যবহৃত হবে ।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা হবে। তবে রাজ্যের এক্তিয়ারভুক্ত কোনো কাজে অগ্রাধিকার পাবে বাংলা ভাষা।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই এদিকে প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে । পাশাপাশি রাজ্যজুড়ে তৈরি হয়েছে এক তীব্র কৌতূহল।।
