এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ সেপ্টেম্বর : মুম্বাই সন্ত্রাসী হামলা (২৬/১১)-এর মূল পরিকল্পনাকারী এবং লস্কর-ই-তৈবা (এলইটি) প্রধান হাফিজ সঈদের ছেলে, বিশ্ব সন্ত্রাসী হাফিজ তালহা সাঈদ, আবারও ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছে । পাকিস্তানের শেখুপুরায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে ওই সন্ত্রাসবাদী বলেছে তিনি, “যতদিন আমরা বেঁচে থাকব এবং যতদিন আমাদের শক্তি থাকবে, ততদিন আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব।”
ভারত ও যুক্তরাষ্ট্র কর্তৃক যৌথভাবে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষিত তালহা সাঈদ শপথ নিয়েছে, “আমরা নবী মুহাম্মদের নামে জিহাদের শপথ নিয়েছি । সুতরাং, যতদিন আমাদের শ্বাস-প্রশ্বাস চলবে, এই জিহাদ অভিযান ও আত্মত্যাগ থামবে না।” এছাড়াও, ভারতীয় নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী সাঈদ দিল্লিতে জিহাদ নিয়ে আসার হুমকি দিয়ে বলেছে, “যারা দিল্লিতে বসে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, তারা কি ইতিহাস ভুলে গেছে? মুসলমানরা ৫০০ বছর ধরে এই উপমহাদেশ শাসন করেছে। তাদের মনে রাখা উচিত দিল্লি এবং হিন্দুস্তান কার।”
এদিকে, তালহা সাঈদ তার ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেছে যে, আসিম মুনির একজন কোরান তেলাওয়াতকারী এবং পাকিস্তান সেনাবাহিনী আবারও ‘বিশ্বাস, ধার্মিকতা ও জিহাদ’-এর ধারণাকে পুনরুজ্জীবিত করছে। একজন সেনাপ্রধানের দ্বারা একজন সন্ত্রাসীর এই প্রকাশ্য প্রশংসা পাকিস্তান সেনাবাহিনী এবং লস্কর সন্ত্রাসীদের মধ্যেকার অপবিত্র জোটকে আবারও উন্মোচিত করেছে।
২০২২ সালে ভারত সরকার ইউএপিএ আইনের অধীনে তালহা সাঈদকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী নিয়োগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ এবং জম্মু ও কাশ্মীরসহ ভারতের বিভিন্ন অংশে নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার জন্য সে দায়ী। বর্তমানে হাফিজ সাঈদ অসুস্থ থাকায়, তালহা সাঈদই লস্কর-ই-তৈবা সংগঠনের জন্য সমগ্র প্রচার ও সন্ত্রাসী নিয়োগের নেতৃত্ব দিচ্ছে বলে জানা গেছে।।

