এইদিন ওয়েবডেস্ক,নড়াইল(বাংলাদেশ),৩১ আগস্ট : বাংলাদেশে মৃত্যুর পরেও সুরক্ষিত নয় মহিলারা । নড়াইল থেকে এমন একটা ঘটনা সামনে এসেছে যে, সমগ্র মানবসমাজের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে । নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মৃতদেহের সঙ্গে যৌনাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্স চালক । এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে হাতে তুলে দেয় ।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে লোহাগড়া থানার পুলিশ। সাগর শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। রাতে থানায় নিয়ে যাওয়ার জন্য মৃতদেহটি একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।
পরিবারের অভিযোগ, ওই দিন গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে ছিল চালক সাগর শেখ। সেই সময় সে মৃতদেহটির সঙ্গে যৌনাচার করে। তখন সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
সাদিয়ার মা বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তার মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজ করছিল । বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
