এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুলাই : আজ শনিবার ডায়মন্ড হারবারের আমতলায় তৃণমূলের পাঁচতলা দলীয় কার্যালয়ে প্রশাসন বুলডোজার চালানোয় বেজায় চটেছেন তৃণমূলের “যুবরাজ” অভিষেক ব্যানার্জি । তিনি মিডিয়ার ক্যামেরার সামনে সরাসরি বিজেপিকে হুমকি দিয়েছেন, ২০৩১ সালে ক্ষমতায় ফিরে রাজ্যে বিজেপির সব পার্টি অফিস গুঁড়িয়ে দেবেন । অভিষেকের দাবি, ভবনটি নির্মানে কোনো অনিয়ম হয়নি । সব প্লান জমা দেওয়া হয়েছিল পুরসভায় । তিনি আজকের এই বুলডোজার অভিযানকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে অবিহিত করেছেন । পাশাপাশি হাইকোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন,’প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷ যে আইনে ওই কার্যালয় ভাঙা হয়েছে, ২০৩১ সালে সরকার বদল হলে সেই একই আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং বিজেপির একটিও দলীয় কার্যালয় থাকবে না।’ অভিষেকের অভিযোগ, প্রশাসনিক অভিযানের সময় কয়েক জন বিজেপি নেতা-কর্মী মুখ ঢেকে কার্যালয়ের ভিতরে ভাঙচুর চালিয়েছেন। ঘটনার ভিডিয়ো তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। ওই ভিডিয়ো আদালতে জমা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
জানা গেছে,২০১৭ সালে আমতলার এই কার্যালয় তৈরি হয়েছিল। এই কার্যালয়টি সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ । দীর্ঘদিন ধরেই এই নিয়ে আইনি জটিলতা ও স্থানীয় স্তরে ক্ষোভ ছিল। স্থানীয়দের দাবি, এখানে আগে একটা বেকারি ছিল। সেটায় বছর ১৫ আগে রহস্যজনক ভাবে আগুন লাগে,আর তারপরই অভিষেক ব্যানার্জির অফিস তৈরি হয় । জেলা প্রশাসনের দাবি, অনুমোদিত নকশা ছাড়াই ভবনটি তৈরি হয়েছিল এবং নির্মাণবিধি লঙ্ঘন করা হয়েছে। দু’বার নোটিস পাঠানোর পরেও প্রয়োজনীয় জবাব মেলেনি বলেই অভিযান চালানো হয় আজ ।
অন্যদিকে অভিষেকের দাবি, কার্যালয়টি সরকারি জমিতে নয়। জমি, নির্মাণের নকশা ও অন্যান্য প্রয়োজনীয় নথি তাঁদের কাছে রয়েছে। নির্ধারিত দিনে প্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে দেখাও করেছিলেন বলে দাবি করেছেন তিনি । সমস্ত নথি নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্ট এবং প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ।।
