এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জুন : মঙ্গলকোটের এক হিন্দু কিশোরীকে ফুসলিয়ে নিয়ে আসার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সাহিল সেখ । তার বাড়ি ভাতার থানার বামশোর গ্রামে । বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের কার্যকর্তাদের সহযোগিতায় ও পুলিশের তৎপরতায় আজ সোমবার বিকেলের আগেই বর্ধমান শহরের কাছে একটি জায়গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে ৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, এটি আসলে “লাভ জেহাদ”-এর ঘটনা । এদিকে মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার । তারা ভাতারের দুই হিন্দুত্ববাদী সংগঠনকে কৃতজ্ঞতা জানিয়েছেন ।
জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার ক্ষীরগ্রামে বাড়ি ওই কিশোরীর । দশম শ্রেণীর ছাত্রী। রবিবার বিকেলে জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে আসে। তারপর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর কৈচর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডাইরি করেন। তখনই তাঁরা জানতে পারেন এই ঘটনায় জড়িত রয়েছে বামশোর গ্রামের বাসিন্দা সাহিল সেখ ।
জানা গেছে,মেয়েটির পরিবার ও আত্মীয়রা ভাতারে এসে অভিযুক্ত যুবকের সন্ধান পেতে প্রচেষ্টা চালিয়ে যান । কিশোরীর বাবা ভাতারে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের কার্যকর্তাদের কাছে সহযোগিতার আবেদন করেন । খোঁজাখুঁজির সময় তারা জানতে পারেন যে ভাতার বাজারে পুরনো বিডিও অফিসের উলটো দিকের বাসিন্দা এক যুবকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সাহিল সেখের । বিষয়টি তারা ভাতার থানায় জানালে আজ সকালে সাহিলের বন্ধুর বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী । সাহিলের বন্ধুকে না পেয়ে পুলিশ তার মাকে জিজ্ঞাসাবাদ করে । কিন্তু তিনি কিছু কবুল করতে চাননি বলে অভিযোগ । এরপর বিভিন্ন সূত্র ধরে তল্লাশি চালিয়ে এদিন বিকেলের আগেই বর্ধমান শহরের কাছে একটি জায়গা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত সাহিল সেখকে । পরে তাকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় জড়িত সাহিলের বন্ধুকেও গ্রেপ্তারের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা ।।
