এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জুন : পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার নেওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতের নাম সূরজিৎ হালদার । তিনি মাহাচান্দা অঞ্চল তৃণমূলের সভাপতি । আড়া গ্রামের বাসিন্দা ওই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় । এই ঘটনায় কয়েক দিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্য বোরহান শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে,সম্প্রতি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার । তার অভিযোগ,গত বছরের ডিসেম্বর মাসে মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের তরফে গাছ বিক্রির টেন্ডার ডাকা হয়েছিল । তিনি সেই টেন্ডার পান। কিন্তু তারপর থেকেই সুরজিৎ হালদার-সহ কয়েক জন তৃণমূল নেতা-নেত্রী বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছে টাকা দাবি করতে শুরু করে । বাধ্য হয়ে তিনি তাদের ’দফায় মোট ১২ লক্ষ টাকা দেন ।
তার অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ । প্রথমে গ্রেপ্তার করা হয় মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বোরহান শেখকে । এবারে পুলিশের হাতে ধরা পড়ল মাহাচান্দা অঞ্চল তৃণমূলের সভাপতি সূরজিৎ হালদার ।
মহিলাদের উত্যক্ত করায় ভাতারে গনরোষের মুখে তৃণমূল কর্মী
অন্যদিকে একটি পৃথক ঘটনায় গনরোষের মুখে পড়তে হল ভাতারের এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার স্বর্ণচালিদা গ্রামের বাগদিপাড়ায় । মঙ্গলবার রাতে বেশ কিছু স্থানীয় মহিলা গৌরাঙ্গ বাগদি নামে ওই তৃণমূল কর্মীকে ধরে ব্যাপক চড় থাপ্পর ও জুতোপেটা করে । স্থানীয়দের অভিযোগ,তৃণমূল ক্ষমতায় থাকার সময় গৌরাঙ্গ বাগদি মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করত এবং বিরোধীদলের কর্মীদের বাড়িতে হামলা পর্যন্ত করেছিল । এনিয়ে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে ।।
