দেবাশীষ বোস,বর্ধমান,২৫ মার্চ : সড়ক পথের পাশে পড়ে থাকা অজানা রাসায়নিক পদার্থ ভর্তি জারে আচমকা আগুন লেগে গিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে । ঘটনাটি ঘটেছে আজ বুধবার বেলায় বর্ধমান শহর সংলগ্ন মালকিতা বাসস্ট্যান্ডের অদূরে বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কের পাশে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ । পরে দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,মালকিতা বাসস্ট্যান্ডের অদূরে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে নয়ানজুলিতে একটি বড়সড় প্লাস্টিকের জার ফেলে দিয়ে যায় কেউ বা কারা । বেলার দিকে রোদ উঠতেই ওই জার থেকে সাদা ধোঁয়ার কুন্ডলী আর আগুনের লেলিহান শিখা বের হতে দেখে পথচলতি মানুষ । আগুন সড়ক পথের পাশে ঘাসে ছড়িয়ে দাউদাউ করে জ্বলতে থাকে । পাশাপাশি কটু গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে । স্থানীয়দের কথায়, ওই জারে কোনো রাসায়নিক ভর্তি ছিল । তাদের কাছ থেকেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ । পরে পুলিশের কাছে খবর পেয়ে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
যদিও এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে ওই জার সড়কপথের পাশে কে বা কারা ফেলে গেল তা এখনো স্পষ্ট নয় । তবে এলাকায় কয়েকটি ছোটখাটো কারখানা রয়ে । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে কোনো কারখানা থেকে ওই রাসায়নিক ভর্তি জারটি ফেলে দেওয়া হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ।।
