এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : নিজের দলেরই বুথ সভাপতির ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের এক বিজেপি নেতার বিরুদ্ধে । অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক এ্যালিস চট্টরাজ ।
জানা গেছে,মঙ্গলকোটের ১০৭ নম্বর বুথের সভাপতি ভাল্যগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বিমল চট্টরাজের ছেলে এ্যালিস চট্টরাজ । এ্যালিসের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরে পাম্প অপারেটরের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলকোটের বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক সৌমেন মুখোপাধ্যায় তার কাছ থেকে দফায় দফায় ২ লক্ষ টাকা নিয়েছেন । ১০ কাঠা জমি বিক্রি করে ২০২৫ সালের ২৬ ও ২৭ মার্চ দু’দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সৌমেনকে তিনি ওই টাকা দিয়েছিলেন বলে জানান । তিনি বলেন, ‘টাকা দেওয়ার পর প্রায় এক বছর কেটে গেলেও চাকরি হয়নি। পরে টাকা ফেরত চাইলে সৌমেন টালবাহানা করতে থাকেন।’
বিজেপির মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডলের সভাপতি মন্দিরা চট্টরাজ বলেন,’অভিযোগ সত্য প্রমাণিত হলে পনেরো দিন আগেই সৌমেন মুখোপাধ্যায়কে আমরা দল থেকে সাসপেন্ড করেছি ।’ যদিও টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন সৌমেন । তবে তাঁর দাবি,’চাকরির জন্য আমি টাকা লেনদেনে মধ্যস্থতা করেছিলাম এবং সেই কারণেই আমি ফেঁসে গিয়েছি । তবে,আমি টাকা ফেরত দিয়ে দেব বলেছি।: দলেরই একাংশ তাকে ফাঁসিয়েছে বলে দাবি তার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
