এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মার্চ : কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় নিজের বিউটি পার্লারের ভিতরে নৃশংসভাবে খুন হয়েছেন এক মহিলা । মঙ্গলবার দুপুর ১২:০৫ নাগাদ এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে,মৃতার নাম রূপবানী দাস (৫০)। কাশ্মীরের এক যুবকের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলে জানতে পারা গেছে । প্রেমিকা রূপবানী দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর যুবক নিজের গলা কেটে আত্মঘাতী হয় । ভর দুপুরে এই ভয়ঙ্কর ঘটনায় শিউরে ওঠে এলাকার লোকজন। অভিযুক্ত যুবকের বিশদ পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গেছে,তেঁতুলতলায় বিগত প্রায় ১৫ বছর ধরে “রূপবানী ফ্যাশন এন্ড কালারস কাট” নামে একটি বিউটি পার্লার চালাতেন রূপবানী। স্বামী অনুপ কুমার দাসের সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই ওই এলাকাতেই থাকতেন। অনান্য দিনের মত মঙ্গলবার দুপুরেও অনুপবাবু স্ত্রীকে ওই পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই ওই কাশ্মীরি যুবক সেখানে যায় । বিউটি পার্লারের এক মহিলা কর্মীর আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে । পরে মহিলার পরিবারের লোকজন খবর পেয়ে দু’জনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে৷ খবর পেয়ে আসে পুলিশ । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে ওই যুবক কাশ্মীরের বাসিন্দা । তার সাথে রূপবানীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল । সম্প্রতি সেই সম্পর্কে কোনো কারনে টানাপোড়েন সৃষ্টি হয় বলে মনে করা হচ্ছে৷ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ।।
