এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনায় সংঘর্ষের ঘটনায় তিনজন সিপিএম কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম সাহেবউদ্দিন চৌধুরী, সেখ সাহেব এবং সেখ আজাহার । ধৃতদের মধ্যে সাহেবউদ্দিনের বাড়ি বলগোনা গ্রামে। বাকি দুজন পাটনা গ্রামের বাসিন্দা। তিনজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করার পর আজ শনিবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার ভাতারের বলগোনা বাজারে সিপিএমের পথসভার সময় বেশ কিছু বিজেপি কর্মী জড়ো হলে সংঘর্ষের সুত্রপাত । শ্লোগান পালটা শ্লোগান থেকে সংঘর্ষ শুরু হয় । দুপক্ষের মিলে বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিজেপির ভাতার তিন নম্বর মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু। স্নেহময় সহ সাতজন বিজেপি কর্মী এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, পথসভায় সিপিএম মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তার প্রতিবাদ করা হয়েছিল। তখন সিপিএমের লোকজন বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। যদিও সিপিএমের অভিযোগ বিনা প্ররোচনায় বিজেপি কর্মীরা তাঁদের উপর হামলা চালায়।।

