এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ নভেম্বর : ফের উত্তপ্ত হয়ে উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। ইন্সটিটিউটের ক্যাম্পাসের ৬২ দিন ধরে চলা বামপন্থী ছাত্রছাত্রীদের ধর্ণা মঞ্চটি পুলিশ ভেঙে দিতে গেলে ঝামেলা বাধে। আজ শনিবার সকাল ৬টা নাগাদ তিন শতাধিক পুলিশকর্মী ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে সরিয়ে দেয় । আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী দু’টি পিক-আপ ভ্যানে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয় বলেও দাবি পড়ুয়াদের। পড়ুয়ারা পিকআপ ভ্যানের সামনে শুয়ে ও দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশ একাধিক পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরিয়ে দিয়েছে, ছাত্রীদের হেনস্থা করা হয়েছে৷ পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ তুলেছেন পড়ুয়ারা । এমনকি ঘটনার ছবি ও ভিডিয়ো তুলতে গেলে পড়ুয়াদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ ।হস্টেল থেকে বেরনো এবং ক্যাম্পাসের বাইরে যাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি পড়ুয়াদের।
গত ২৭ সেপ্টেম্বর থেকে পড়ুয়া ও কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের জেরে অচলাবস্থা চলছে প্রতিষ্ঠানে। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশও জারি করেছেন কর্তৃপক্ষ । অন্যদিকে, এসআরএফটিআই কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, প্রশাসনিক ভবনের সামনে গড়ে তোলা ওই কাঠামোটি ছিল অবৈধ। গত ১৯ নভেম্বর আনুষ্ঠানিক নোটিশসহ একাধিকবার মৌখিক ও লিখিতভাবে মঞ্চটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা না সরানোয়, আদালতের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের সহায়তায় সেটি অপসারণ করা হয়েছে।সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল বলে জানা গেছে ।।
