শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : ফুটপাতে এক অসুস্থ ভবঘুরেকে কাতরাতে দেখে জনৈক এক পথচারী তাকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন । রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা । কিন্তু রোগীকে হাসপাতালে আনা ব্যক্তি আর ঝুঁকি নিতে চাননি । ফলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে ধুঁকছেন ওই অসুস্থ প্রৌঢ় । এদিকে রোগী খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন । চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন না । বারবার পূর্বস্থলী থানাতে জানিয়েও পুলিশের তরফে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ । এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা,অবিলম্বে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে যেকোনো সময় মারা যেতে পারেন ওই অজ্ঞাতপরিচয় ভবঘুরে প্রৌঢ় । হাসপাতালে চিকিৎসাধীন অনান্য রোগী ও তাদের পরিজনদের দাবি, অবিলম্বে ওই ভবঘুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক ।
পূর্বস্থলী-২ ব্লক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছাতনির ঠিকানা দেওয়া জনৈক ধনঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি গত পয়লা নভেম্বর রাত্রি প্রায় ৮ টা নাগাদ ওই প্রৌঢ়কে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন । হাসপাতালের চিকিৎসক ডঃ সুদীপ্ত দাস বলেন,’রোগীর অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় । কিন্তু যিনি রোগীকে এনেছিলেন তিনি হয়তো আর ঝুটঝামেলায় জড়াতে চাননি । সেই কারনেই হয়ত তিনি রোগীকে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন ।’তিনি বলেন,’এদিকে রোগী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে । চিকিৎসাতেও সাড়া দিচ্ছে না৷ রোগীর যে-ধরনের চিকিৎসা দরকার তার জন্য সেরকম পরিকাঠামো আমাদের হাসপাতালে নেই ।’ ফলে যেকোনো সময় রোগী মারা যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।
ডঃ সুদীপ্ত দাস জানান,প্রথমে বিষয়টি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয় । তার পরামর্শে বিষয়টি পূর্বস্থলী থানায় জানানো হয় । এমনকি রোগীর ব্যবস্থা করার জন্য থানায় লিখিত আবেদনও করা হয় । থানাকে বিষয়টি তিনবার জানিয়েও এখনো পুলিশের তরফে তেমন উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ তার ।
জানা গেছে আজ রবিবার সকাল পর্যন্ত ওই রোগীর পরিচয় জানা সম্ভব হয়নি । রোগী এমনকি কথাবার্তা বলার অবস্থাতেও নেই । এমতাবস্থায় হাসপাতালের বেডে ওই অজ্ঞাতপরিচয় রোগীর মৃত্যু হলে দায়িত্ব কে নেবে ? তা নিয়ে প্রশ্ন উঠছে।।
