এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ নভেম্বর : বাংলাদেশের শাসকদল জামাত ইসলামি ও বিএনপির সন্ত্রাসীরা দুই হিন্দু কিশোরীকে তুলে নিয়ে গেছে । নড়াইলের ঘোষপাড়া, বেন্দারচর, কালিয়া এবং নড়াইল মিলে দুই শতাধিক বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । অথচ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে বাংলাদেশের পুলিশ।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের বিষয়ে শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে এই দাবি করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। পুলিশের দাবি, পূর্বে রেকর্ড করা ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সাইদ গেট সংলগ্ন এলাকায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন।নিহত শাহীন শেখ কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম নিসার শেখ এবং বাড়ি মির্জাপুর এলাকায়। অপর নিহত সোহেল মোল্লা কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম মোতালেব মোল্লা এবং বাড়ি বড় কালিয়া এলাকায়।
পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের বাবার নাম বুলু বিশ্বাস এবং বাড়ি বেন্দারচর গ্রামে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে একত্রিত হয় । একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমও কালবেলাকে বলেছেন, ‘হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, সেটি সঠিক নয়। আমি ইতিমধ্যে গ্রামটি পরিদর্শন করেছি। হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রাক্তন এমপির বাড়িতে।’
নাম প্রকাশ না করার শর্তে কালিয়া উপজেলার এক বিএনপি নেতা (সংখ্যালঘু সম্প্রদায়ের) বেন্দারচরের আর এক নেতার নাম্বার দেন কালবেলার প্রতিবেদককে । তিনিও একই ধরনের দাবি করেন। ওই নেতা বলেন, ‘আমি যাদের যাদের নাম বলছি, এর বেশি একটা ঘরও পাবেন না। এরা সবাই আওয়ামী লীগ করে।’ কয়েকটি নাম উল্লেখ করে স্থানীয় ওই নেতা বলেন, ‘এমপি মুক্তির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরপর প্রাক্তন চেয়ারম্যান লিটন ফকিরের বাড়ি, জাকারিয়ার বাড়ি, কামাল মোল্লার বাড়ি, আকবর মোল্লার বাড়ি, টুকু চেয়ারম্যানের (প্রাক্তন ) বাড়ি, বিপ্লব বিশ্বাসের তিন ভাইয়ের বাড়ি, বিল্লালের বাড়ি, নূর ইসলাম শেখের দোকান এবং বাড়ি ও জাহিদুল শেখের দোকানে আগুন দেওয়া হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে,গ্রামটি অনেক বড়। প্রায় ২২০০ ভোটার। দুটি পাড়ায় বিভক্ত। পশ্চিম পাড়াকে বলা হয় আওয়ামী লীগের পাড়া। আর পূর্বপাড়াকে বলা হয় বিএনপি পাড়া। শুক্রবার রাতে মূলত পশ্চিম পাড়ায় আগুন দেওয়া হয়।স্থানীয় ওই বিএনপি নেতা পশ্চিমপাড়ার এক আওয়ামী লীগ নেতার নাম্বার দেন। তিনি এখন পলাতক। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কালবেলাকে তিনি বলেন, ‘আমার দোকান লুটপাট করা হয়েছে। আমাদের পাড়ায় কোনো পুরুষ নেই। অনেক বাড়ির মহিলাও ঘরছাড়া। কমপক্ষে ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’
বিএনপি নেতাদের দেওয়া তথ্য সঠিক নয় দাবি করে তিনি বলেন, ‘আপনি যাদের নাম বললেন, তাদের পাশাপাশি আলাল উদ্দিন শেখের দোকান, মোয়াজ্জেম শেখের বাড়ি, বাশার শেখের বাড়ি, শাহাজান বিশ্বাসের বাড়ি, টিপলু বিশ্বাস ও ভুলু বিশ্বাসের বাড়িতেও আগুন দিয়েছে। আমাদের বাড়ি একদম শেষ মাথায়। বাড়ি থেকে কেউ বের হতে পারছে না। তাই নির্দিষ্ট করে আরও নাম উল্লেখ করতে পারছি না। আমার ধান লুটপাট করেছে বৃহস্পতিবার। দোকানের মালিক ঠেকাতে গেলে তাকে মারধর করা হয়েছে। আমার সবাই গ্রামছাড়া।’।
