এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২০ নভেম্বর : উত্তরবঙ্গের বাগডোগরা ও হাসিমারা সামরিক বিমানঘাঁটিসহ বিভিন্ন সংবেদনশীল স্থানে গোয়েন্দাগিরির সন্দেহে কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে ফেরার সময় তাঁকে আটক করা হয় । ধৃতের নাম মহম্মদ সেলিম হোসেন (২২) । তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় । বর্তমানে তাঁকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।তার কথিত কার্যকলাপ এবং ঢাকায় নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে তার যোগাযোগের কারনে আইএসআই চর হওয়ার বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গিয়েছে, কয়েকদিন আগে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন সেলিম । তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে কোচবিহার জেলা পুলিশকে সতর্ক করা হয় । সেই তথ্যের ভিত্তিতে তাঁর উপর নজর রাখতে শুরু করেন পুলিশকর্মীরা । বৃহস্পতিবার বিকেলে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাঁকে আটক করা হয় । পরে তাঁকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ থানায় ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মহম্মদ সেলিম হোসেন দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি বাগডোগরা ও হাসিমারার মতো গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি এলাকায় রেকি বা নজরদারি চালিয়েছিল । জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কূটনীতিক অনিল আসগর কালহোরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (R&AW)-এর তথ্যমতে, ওই কূটনীতিক মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর একজন কর্মকর্তা। তল্লাশি চালিয়ে সেলিম হোসেনের কাছ থেকে ওই পাকিস্তানি কূটনীতিকের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।
বর্তমানে কোচবিহার জেলা পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে তাকে জেরা করছে। ভারতে আসার তার উদ্দেশ্য কী ছিল, কোথায় কোথায় সে গিয়েছিল এবং কার কার সঙ্গে যোগাযোগ করেছিল- এ সব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
এর মাস দুয়েক আগে আইএসআই চর সন্দেহে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । ধৃতদের নাম সইফুল হক, নুর নাসিরুদ্দিন মিয়া, মিঠু রহমান এবং রশিদুল হক । ধৃতদের মধ্যে সইফুলের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে । নুর নাসিরুদ্দিনের বাড়ি তুফানগঞ্জের চৌখুশি বলরামপুর এলাকায় এবং রশিদুলের বাড়ি দিনহাটার থরাইখানা এলাকায় । তাদের বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে ব্যবহার করার জন্য ভারতীয় সিমকার্ড সংগ্রহ করে সেগুলি বাংলাদেশ ও নেপালের মাধ্যমে পাকিস্তানে পাঠানোর অভিযোগ রয়েছে । তবে মহম্মদ সেলিমের সঙ্গে আগের মামলায় ধৃত চারজনের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় ।।
