এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ নভেম্বর : একই গ্রামের এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার সাহেবগঞ্জ-২ অঞ্চলের আয়মাপাড়া গ্রামের এক বিবাহিতা হিন্দু মহিলা । ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন প্রেমিককে । বর্ধমান শহরে ঘরভাড়া নিয়ে শুরু করেন নতুন সংসার । কিন্তু বছর পাঁচেকের মাথায় স্বামী দ্বিতীয় বিয়ে করার তোড়জোড় শুরু করলে বিপাকে পড়ে যান ওই মহিলা । নিরুপায় হয়ে বর্তমান শাসকদল বিজেপির দ্বারস্থ হন তিনি । তবে তাকে নিরাশ করেনি বিজেপি । মহিলার পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার আয়মাপাড়া গ্রামে গিয়ে মহিলার বর্তমান শ্বশুরবাড়িতে গিয়ে সতর্ক করে দিয়ে আসেন স্থানীয় বিজেপি নেতা বিশ্বনাথ বিশ্বাস।
জানা গিয়েছে, আয়মাপাড়া গ্রামের এক হিন্দু পরিবারেই বিয়ে হয়েছিল ওই মহিলার । কিন্তু বছর পাঁচেক আগে তিনি একই গ্রামের এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন । শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যান । স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে ধর্মান্তরিত হয়ে ইসলামি রীতিতে প্রেমিককে বিয়ে করেন তিনি । বর্ধমান শহরে শুরু করেন নতুন সংসার । অভিযোগ, বিয়ের পর প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে সংসারে অশান্তি শুরু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। এমনকী, স্বামী দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে বিজেপি নেতা বিশ্বনাথ বিশ্বাসের দ্বারস্থ হন ওই গৃহবধূ।বিশ্বনাথ বিশ্বাস বলেছেন,’পাঁচ বছর সংসার করার পরে মহিলার উপর শারীরিক মানসিক অত্যাচার শুরু করে এবং নতুন করে আবার একজনকে বিয়ে করার পরিকল্পনা করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা সবাই ওই ছেলের বাড়িতে উপস্থিত হয়ে সতর্কবার্তা দিয়ে এলাম।’
আজ বিশ্বনাথ বিশ্বাসের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা যুবকের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গৃহবধূর উপর কোনওরকম অত্যাচার বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। অন্যদিকে, যুবকের পরিবারের দাবি, তাঁরা এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না । তবে যুবকের মা’কে বিশ্বনাথ বাবু সতর্ক করে দিয়ে জানান যে,তার ছেলে দ্বিতীয় বিয়ে করতে চায় করুক । কিন্তু তার আগে প্রথম স্ত্রীর জন্য বাসস্থান ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে হবে ।
আয়মাপাড়া গ্রামের বাসিন্দা শেখ নুর আলম বলেন, ‘কয়েকজনের আচরণের জন্য গোটা সম্প্রদায়ের বদনাম তাঁরা মেনে নেবেন না।’ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।।
