এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৯ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেপ্তার হল হুগলি জেলার পুরশুড়ার এক যুবক । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম রোহিত মন্ডল(২৮) । তার বাড়ি পুরশুড়া থানার চিলাডাঙ্গি গ্রামে । ধৃতের বিরুদ্ধে এর আগেও বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে । বুধবার রাতে তাকে বাড়ি থেকে পাকড়াও করার পর আজ বৃহস্পতিবার আরামবাগ আদালতে পাঠায় পুরশুড়া থানার পুলিশ।
জানা গেছে,এর আগেও বন্দুক হাতে শোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার অভিযোগ রয়েছে রোহিত মন্ডলের বিরুদ্ধে । এছাড়া মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি স্থানীয় বিজেপি নেতৃত্বের নজরে আসার পর পুরশুড়া থানায় অভিযোগ জানানো হয়। এ আই এর সাহায্যে তৈরি ওই ছবিতে নিজের পায়ের নিচে প্রধানমন্ত্রীকে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় দেখিয়েছে ওই যুবক। আর সে প্রধানমন্ত্রীর মাথায় বাম হাত রেখে দাঁড়িয়ে আছে । স্থানীয় বিজেপি নেতা পিন্টু সামন্ত বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কদর্য পোস্ট কিছুতেই মেনে নেওয়া যায়না । ধৃতের যেন কঠোর শাস্তি হয়,এই দাবি জানাচ্ছি আমরা ।’।
