এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ নভেম্বর : প্রয়াত বাবার স্মৃতিতে দুঃস্থদের কম্বল (ব্লাঙ্কেট) বিতরণ করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামের বাসিন্দা পেশায় সাংবাদিক রাহুল রায় ও ভাই রোহন রায় । বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের রায়পাড়ার খামার প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান শাসকদল বিজেপির বেশ কিছু নেতৃত্ব ৷ অনুষ্ঠানে তাদের হাত দিয়ে গ্রামের বেশ কিছু দুঃস্থ মহিলাদের হাতে ব্লাঙ্কেট তুলে দেওয়া হয় ।
সাংবাদিক রাহুল রায়ের বাবা গৌতম রায় ২০২৩ সালের ১৮ জুলাই মারা যান । রাহুলের কথায়,তার বাবা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন ২০২৩ সালের ১৮ জুলাই পঞ্চায়েত ভোট চলাকালীন সিপিএম কর্মীদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তার বাবা৷ সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন । তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু বাঁচানো সম্ভব হয়নি । তিনি বলেন,’প্রয়াত বাবার স্মৃতিতে গরীব মানুষদের জন্য কিছু করার ইচ্ছা ছিল । তাই এবারের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিছু মানুষের হাতে পরিবারের পক্ষ থেকে ব্লাঙ্কেট তুলে দিয়েছি ।’
সাংবাদিক জানান,বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সহ-সভানেত্রী বিনীতা বড়াল, কাটোয়া সাংগঠনিক জেলার নেত্রী মৌসুমী মণ্ডল, সহ-সভাপতি অনিল দত্ত, বোলপুর সাংগঠনিক জেলার মুখপাত্র সুমিত মণ্ডল, সাধারণ সম্পাদক দিনেশ সাঁতরা, জামালপুর ১ মণ্ডলের সভাপতি চন্দ্র পাল, সমাজসেবী মানিক দাস, ননিচূড়া ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা৷ তাদের হাত দিয়েই ব্লাঙ্কেটগুলি তুলে দেওয়া হয় বলে তিনি জানান৷।
