এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ নভেম্বর : বাংলাদেশের সীমান্তবর্তী তিন মূল রাজ্য আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বর্তমানে শাসন ক্ষমতায় বিজেপি । আসাম ও ত্রিপুরা সরকার আগেই বাংলাদেশে গরু পাচার বন্ধ করে দিয়েছিল । ফলে মূলত মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার ছিল বাংলাদেশের একমাত্র ভরসা । কিন্তু ২০২৬-এর বিধানসভার ভোটে বিজেপি ক্ষমতায় আসার পর গরু পাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর পদক্ষেপ নেওয়ায় বিপাকে পড়ে গেছে বাংলাদেশ । তাই নিজের দেশে গোমাংসের জোগান বাড়াতে আমেরিকার দ্বারস্থ হয়েছে বাংলাদেশ । এবার থেকে ওই ইসলামি দেশটি যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানি করবে বলে জানা গেছে । আগামী ১৬ নভেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা করার কথা রয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের।
বাংলাদেশে বছরে প্রায় ২ লাখ টন গরুর মাংসের চাহিদা রয়েছে। এতদিন তার সিংহভাগই সরবরাহ হত ভারত থেকে গরুপাচারের মাধ্যমে । বাংলাদেশের দেশীয় উৎপাদনের পরিমাণও প্রায় ২ লাখ থেকে ২ লাখ ৫ হাজার টন বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। ফলে আগে গোমাংসের দাম খুব কম ছিল । কিন্তু ভারত থেকে গরু পাচার বন্ধ হয়ে যাওয়ায় মাংসের দামের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে । যে কারনে যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ । বলা হচ্ছে যে,যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ হতে পারে গরুর মাংস রপ্তানির নতুন বাজার। দেশটির কৃষিপণ্য রপ্তানি বাড়ানো এবং মার্কিন উৎপাদকদের জন্য নতুন বাজার উন্মুক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেও এ উদ্যোগকে দেখা হচ্ছে।
বাংলাদেশ মিট ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের শামীম আহমেদ নর্থইস্ট নিউজকে বলেছেন, বাংলাদেশ গরুর মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। তাঁর ভাষ্য, দেশে মাথাপিছু মাংসের ভোগ এখনো তুলনামূলকভাবে কম এবং মাথাপিছু প্রাপ্যতার পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেনি। মাংসের বাড়তি চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে পোলট্রি খাতের মাধ্যমে, যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।তবে আমদানির পরিমাণ এবং দেশের খামারিদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।।

