এইদিন স্পোর্টস নিউজ,১৩ নভেম্বর : নেশন্স লীগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও ৩-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ৬৪ বছরের মধ্যে প্রথমবারের মতো জয় পেয়েছে ইতালি । ইতালির পক্ষে পিও এস্পোসিতোর জোড়া গোল এবং দাভিদে ফ্রাত্তেসির এক গোল করেন । ১৯৬২ সালের পর নিজেদের মাঠে এটি ফ্রান্সের বিপক্ষে ইতালির প্রথম জয় । অন্যদিকে ফ্রান্সের কোচ হিসেবে এটিই জিনেদিন জিদানের প্রথম হার। ইতালির এই জয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের ওঠার আশাও জোরালো হয়েছে।
অনুশীলনে চোট পাওয়ায় এই ম্যাচে খেলেননি ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। তবে তাঁর অনুপস্থিতিতেও ম্যাচের শুরুতে এগিয়ে যায় ফ্রান্স। দশম মিনিটে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বক্সের কাছে বলের নিয়ন্ত্রণ হারালে সেটি পেয়ে যান মাইকেল ওলিস। বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার আলেসান্দ্রো বাস্তোনিকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান। চলতি নেশনস লীগ ম্যাচে এটি ছিল তাঁর পঞ্চম গোল। গোল হজমের পর চাপে পড়ে ইতালি। তবে ২৬ মিনিটে সমতায় ফেরে দলটি। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে নিকোলো কামবিয়াঘি বল পেছনে বাড়িয়ে দেন। সেখানে থাকা পিও এস্পোসিতো ফ্লিক করে বল জালে পাঠান। তাঁর শট ঠেকানোর সুযোগ পাননি ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়ঁ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় ফ্রান্স। রায়ান শেরকির শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধেও বারকোলা ও শেরকির দুটি শট পোস্টে লেগেছিল। ফলে একাধিক সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ফরাসিরা।
এরপর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ আসে ইতালির সামনে। বক্সের মধ্যে নিকোলো কামবিয়াঘিকে ফাউল করেন মালো গুস্তো। পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নেন পিও এস্পোসিতোর দাদা সেবাস্তিয়ানো এস্পোসিতো। কিন্তু ৬০ মিনিটে তাঁর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।পেনাল্টি মিসের তিন মিনিট পরই অবশ্য এগিয়ে যায় ইতালি। বদলি হিসেবে নামা ফেদেরিকো দিমার্কো বাঁ দিক থেকে নিচু ক্রস বাড়ান। বক্সে অরক্ষিত অবস্থায় থাকা দাভিদে ফ্রাত্তেসি কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
৭৫ মিনিটে আবারও পেনাল্টি পায় ইতালি। বদলি খেলোয়াড় আন্তোনিও ভারগারাকে বক্সের মধ্যে ফেলে দেন ফ্রান্সের দায়ো উপামেকানো। এবার স্পট কিক নিতে এগিয়ে আসেন পিও এস্পোসিতো। বড় ভাই সেবাস্তিয়ানো যেখানে ব্যর্থ হয়েছিলেন, সেখানে সফল হন তিনি। তাঁর গোলে ইতালির ব্যবধান দাঁড়ায় ৩-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচটিতে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ১৯১০ সালের পর এই প্রথম ইতালির হয়ে একসঙ্গে মাঠে নেমেছেন দুই ভাই পিও ও সেবাস্তিয়ানো এস্পোসিতো। তাঁদের একজন গোল করেছেন, অন্যজন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন।
এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইতালি। ফ্রান্সের চেয়ে বেশি গোল করার সুবাদে এগিয়ে রয়েছে তারা। দুই দলই তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের চেয়ে এক পয়েন্ট এগিয়ে। আগামী রোববার অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ। সেই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে ওঠার হিসাব।
ফ্রান্সের বিপক্ষে ইতালির অসাধারণ ৩-১ গোলের জয়ের পর ইতালির কোচ রবার্তো মানচিনি বলেছেন, ‘আমি অবিশ্বাস্যভাবে গর্বিত। যখন আমি এই দায়িত্ব গ্রহণ করি, আমি ঠিক জানতাম ইতালিকে নেতৃত্ব দেওয়ার অর্থ কী। এই দেশ এমন একটি দল পাওয়ার যোগ্য যারা সাহস, ব্যক্তিত্ব এবং গর্বের সাথে খেলে। আজ রাতে, আমি সেই গুণগুলো দেখেছি।’ তিনি বলেন,’আমরা শুধু ফ্রান্সকে হারাইনি। আমরা দেখিয়েছি যে আমরা সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে, লড়াই করতে এবং তাদের ঘায়েল করতে পারি। খেলোয়াড়রা দায়িত্বটা বুঝেছিল এবং তারা আমাদের সমর্থকদের জন্য বিশেষ কিছু উপহার দিয়েছে।”
ফ্রান্সেস্কো পিও এসপোসিটোর পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেন,’পিও একজন বিশেষ প্রতিভাবান খেলোয়াড়। এই পর্যায়ে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল তার মানসিকতা সম্পর্কে ধারণা দেয়। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো তার ক্ষুধা। সে প্রতিটি বল চাইত, প্রতিটি সুযোগ কাজে লাগাত এবং কখনো পরিশ্রম থামাত না।আমি চাই না মানুষ তার ওপর খুব বেশি চাপ দিক। সে তরুণ, শিখছে, এবং তার সামনে এক বিশাল ভবিষ্যৎ রয়েছে। ইতালির উচিত তার মতো প্রতিভাদের রক্ষা করা, প্রত্যাশার চাপে তাদের ধ্বংস করা নয়।’
পাশাপাশি দাভিদে ফ্রাত্তেসিও’র প্রশংসা করেছেন ইতালিয়ান কোচ৷ তিনি বলেন,’দাভিদে বোঝে এই জার্সির চাহিদা কী। সে মাঝমাঠ থেকে শক্তি, তীব্রতা এবং গোল নিয়ে আসে। তার মতো খেলোয়াড়রাই একটি দলকে তার নিজস্ব চরিত্র দেয়। যখন ফ্রাত্তেসি, তোনালি, বারেয়া এবং এই তরুণ আক্রমণভাগের প্রতিভারা একসাথে লড়াই করে, তখন একটি উত্তেজনাপূর্ণ কিছুর ভিত্তি তৈরি হয় ।’।

