এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর,১২ নভেম্বর : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফরিদপুর থানার আরতি গ্রামে গর্ভবতী গাভি জবাই করে গর্ভস্থ শাবককে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল । এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের নাম শেখ আলামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন ও শেখ লতিব। তারা প্রত্যেকেই আরতি গ্রামের বাসিন্দা । আজ বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । এদিকে ধৃতদের আদালতে তোলার সময়েও একপ্রস্ত উত্তেজনা ছড়ায় । বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলী ধৃতদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের চেষ্টা করেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরতি গ্রামে বেশ কিছু দিন ধরেই গরু চুরির অভিযোগ উঠছিল। এরই মধ্যে দিন তিনেক আগে একটি গর্ভবতী গরুকে হত্যা করে তার গর্ভস্থ শাবককে পার্শ্ববর্তী যমুনা গ্রামের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়ায়। একাধিক হিন্দু সংগঠনের সদস্যেরা লাউদোহা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। বুধবারও একই দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। অবশেষে বুধবার রাতে আরতি গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করা হয় ।
পারিজাত গাঙ্গুলী বলেন,’পশ্চিমবঙ্গে গরু চুরি ও গোহত্যা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে আমরা আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি ।’ ফরিদপুর থানার আরতি গ্রামে গর্ভবতী গরুকে কেটে শাবককে পুকুরের জলে ফেলার ঘটনায় ৪ জনকে দ্রুত গ্রেপ্তার করায় তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন ।।
