এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ নভেম্বর : দিন দুয়েক আগে আট বছরের শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনার জের মিটতে না মিটিতেই ফের এক নাবালিকা বধূর শ্লীলতাহানির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার ভাতারে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আসিক তুড়ি এবং সুরেশ তুড়ি। তাঁরা দুজনেই গুসকরা শহর এলাকার বাসিন্দা।
আজ বুধবার ভাতার থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূ । অভিযোগে তিনি জানান,মঙ্গলবার পাশের একটি পরিবারের কালীপুজোর নিমন্ত্রণ খেতে এসেছিল আসিক তুড়ি ও সুরেশ তুড়ি । সন্ধ্যা নাগাদ তার স্বামী বাড়িতে ছিল না । তিনি একাই ছিলেন । সেই সুযোগে ওই দুই যুবক বাড়িতে ঢুকে পরে । তার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। এরপর তিনি কোনো রকমে বাইরে বেরিয়ে এসে চিৎকার করলে লোকজন ছুটে আসে ।
আজ বধূ থাকায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে । অভিযোগকারিনী ভাতার থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । এর আগে কালীপুজোর মধ্যেই ভাতার থানার একটি গ্রামের এক ৮ বছরের শিশুকন্যাকে মন্দিরের সামনে থেকে তুলে মাঠে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে । গ্রামবাসীরা অভিযুক্ত বছর ছাব্বিশের যুবক রাণা মণ্ডলকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । গতকাল তাকে বর্ধমান আদালতে তোলা হলে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।।
