প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ অক্টোবর : বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে এক মহিলার স্মার্টফোন চুরি হয়ে যায় ৷ বাংলাদেশের নাগরিক মহম্মদ আহাদ আলী বেড়াতে এসে সেই ফোনটি কিনেছিলেন । তবে তিনি জানতেন যে ফোনটি চোরাই । তারপর তিনি নিজের দেশে ফিরে যান । কিন্তু বর্ধমান থানার পুলিশের কাছ থেকে ফোনে বিষয়টি জানতে পারে তিনি চমকে যান । শেষ পর্যন্ত বর্ধমান থানার পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আহাদ আলী নিজেই আজ সোমবার সশরীরে বর্ধমান থানায় হাজির হয়ে ফোনটি জমা দিয়ে গেলেন । ওই বাংলাদেশির মানসিকতার প্রশংসা করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারা । আর হাসপাতাল চত্বর থেকে তার স্মার্টফোনটি চুরি হয়ে যায় । এনিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সাইবার সেলের সহায়তায় মোবাইলটির প্রযুক্তিগত সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে। বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলী বর্ধমান শহরের একটি দোকান থেকে ফোনটি কিনেছিলেন।
কিভাবে বাংলাদেশে পৌঁছে গেল ফোনটি?
আসলে চিকিৎসার প্রয়োজনে ভারতে এসেছিলেন রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলী । সেই সময় শহরের একটি দোকান থেকে একটি সিম ও একটি ফোন কেনেন ৷ ভারতে অবস্থানকালে তিনি ভারতীয় ফোন ও সিম ব্যবহার করেন । আর সেই সূত্র ধরেই মোবাইলের সঠিক অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা।এর পরেই আহাদ আলীর সঙ্গে যোগাযোগ করে বর্ধমান থানার পুলিশ। ফোনটি যে হারানো বা চুরি যাওয়া সম্পত্তি, তা জানার পর তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেন আহাদ আলী । তিনি নিজে বর্ধমান থানায় এসে পুলিশের হাতে ফোনটি তুলে দেন। পুলিশ আইনি প্রক্রিয়া মেনে ফোনটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পরবর্তী পদক্ষেপ শুরু করেছে ।।
