এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ নভেম্বর : নারী নির্যাতনের উপর লাগাম টানতে কঠোর ভূমিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশকে । আজও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আব্দুলঘাটার ১৩ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ করে হত্যার ঘটনার মূল অভিযুক্তকে এনকাউন্টার করে খতম করেছে পুলিশ । নতুন সরকারের বিগত প্রায় ৬ মাস সময়কালে এনিয়ে এরাজ্যে এনকাউন্টারের চতুর্থ ঘটনা । কিন্তু তারপরেও যৌন নিগ্রহের ঘটনায় কিছুতেই লাগাম পড়ছে না । কালীপুজোর মধ্যেই এক ৮ বছরের শিশুকন্যাকে মন্দিরের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে । এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার একটি গ্রামে । গ্রামবাসীরা অভিযুক্ত বছর ছাব্বিশের যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের পক্ষ থেকে রাণা মণ্ডল নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, ভাতার থানার একটি গ্রামের বাসিন্দা ওই নির্যাতিতার বাবা জনমজুরি করেন। পাড়ায় কালীপুজো হয়। সেই কালীমন্দিরের সামনে পাড়ার কয়েকজন বাচ্চা ছেলেমেয়ের সঙ্গে খেলা করছিল আট বছরের নাবালিকা। প্রকাশ্য দিবালোকে ওই কালীমন্দিরের সামনে থেকে রাণা মণ্ডল তাকে তুলে নিয়ে মাঠের মাঝে একটি বাগানে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ ।
জানা গেছে,শিশুটির সম্পর্কের দাদু ফুল বেলপাতা বিক্রি করেন। তিনি ওই বাগানে বেলপাতা আনতে গিয়ে দেখেন যে রাণা শিশুটির উপ নির্যাতন চালাচ্ছে৷ তাকে দেখে শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত । এরপর শিশুটির দাদু তাকে উদ্ধার করে পাড়ায় নিয়ে আসেন ।
নির্যাতিতার ঠাকুমা বলেন,’পাড়ার একজনের নজরে না পড়লে ওই অমানুষটা আমাদের মেয়েটাকে মেরেই দিত। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।।
