এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,০৩ নভেম্বর : ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় পাচারকারীদের হামলার মুখে পড়ল বিএসএফ । বিএসএফ-এর গাড়ি ভাঙচুরের পাশাপাশি পাচারকারী মহিলা ও পুরুষরা সমবেত হয়ে বিএসএফ জওয়ানদের নির্মমভাবে মারধর করে । রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় । এতে তিনজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানা গেছে,সোমবার ত্রিপুরার বক্সনগরে কলমচৌড়া থানাধীন আশাবাড়ি নতুনবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে । এলাকাটি মুসলিম অধ্যুষিত । বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় তাদের উপর আচমকা হামলা চালিয়ে দেয় বেশ কিছু মহিলা ও পুরুষ । গাড়ি ভাঙচুরের পাশাপাশি এক জওয়ানকে রাস্তায় ফেলে পেটানো হয় । তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক পাচারকারী ।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। গ্রামটির উপর কড়া নজর রাখছে কলমচৌড়া থানার পুলিশ। এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।
এদিকে বক্সনগর আশাবাড়িতে বিএসএফ জওয়ানের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেও অভিযান চালিয়ে দুইজনকে বিশালগড় থানা এলাকা থেকে পাকড়াও করেছে পুলিশ ।বিশালগড় ২ নম্বর চন্দননগর চৌমুহনী সংলগ্ন একটি বাড়ি থেকে বিশালগড় থানার ওসি মিঠুন দাসের নেতৃত্বে অভিযানে তাদেরকে ধরা হয়। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে ।।

