এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,৩১ অক্টোবর : কাটেয়া থানার প্রাক্তন আইসি (IC) জয়ন্ত পাল সম্পর্কে একটি অত্যন্ত দুঃখ জনক খবর সামনে আসছে । শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছে আরণ্যক এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর । লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, না কি তিনি আত্মঘাতী হয়েছেন, তা নিয়ে ধন্দ্ব রয়েছে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর (UD) মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।
মৃত জয়ন্ত পালের (৪২) আদি বাড়ি আসানসোল উত্তর থানা এলাকায়। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা স্ত্রী ও ১০ বছরের এক সন্তান । হুগলী জেলার খানাকুল,চন্ডীতলা, সিঙ্গুর-সহ একাধিক থানার দায়িত্ব সামলেছেন। কাটোয়া থানার আইসি থেকে সম্প্রতি তিনি বাঁকুড়া পুলিশ লাইনে ডিআইবি (DIB) ইনস্পেক্টর পদে নিযুক্ত হন কর্মজীবনে তাঁকে ঘিরে একাধিকবার বিতর্ক হয়েছে ।
বছরখানেক আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি হুগলির চণ্ডীতলা থানার আইসি পদে থাকার সময় হাওড়ায় নিজের গাড়ির ভেতর রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনায় এক তরুণীর উপস্থিতি ও বিভাগীয় নির্দেশ অমান্য করার কারণে রাজ্য পুলিশ তাঁকে সাসপেন্ড করেছিল। পরবর্তীতে তিনি পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আইসি হিসেবে দায়িত্ব সামলান।শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের বা আন্ডারপাসের কাছে আরণ্যক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তাঁর ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁর সহকর্মীদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে ।।

